সংরক্ষিত বনের পাশে ইটভাটা

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে দুটি ইটভাটা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রই ইটভাটা দুটোতে চলছে ইট তৈরি। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালির কারণে বিবর্ণ হয়ে পড়ছে আশপাশের এলাকার গাছপালা।
১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন এবং ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ হলেও ইটভাটা দুটি স্থাপনে এই আইন মানা হয়নি। এতে বনের প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। কেবল সংরক্ষিত বনাঞ্চল নয়, ইটভাটা দুটির কারণে এর পাশে অবস্থিত লেদা গ্রামের মানুষজনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে ঝুঁকির মুখে আছে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইটভাটার চিমনির কালো ধোঁয়ার পাশাপাশি বিদ্যালয়ে ঢোকে ধুলাবালি। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
১৭ মার্চ সকালে সরেজমিনে দেখা গেছে, লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ থেকে ৭০ গজ দূরে সংরক্ষিত বনাঞ্চলের পাশে স্থাপন করা দুটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনি থেকে কালো ধোঁয়া বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে। ইটবাহী ট্রাকগুলো কাঁচা রাস্তা দিয়ে চলাচলের সময় প্রচুর ধুলাবালি শ্রেণিকক্ষে ঢুকে পড়ে। ধুলাবালির কারণে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান করা সম্ভব হচ্ছে না। ভাটা দুটির পশ্চিম দিকে ৮০ গজের মধ্যে লেদা গ্রামের জনবসতিপূর্ণ বিশাল এলাকা। কাঁচা রাস্তা দিয়ে ইট ও বালু আনা-নেওয়ার কারণে ধুলাবালিতে গ্রামের গাছপালা ও বাড়িঘর বিবর্ণ হয়ে পড়ছে।
লেদা গ্রামের গৃহবধূ আরেফা বেগম জানান, ইটভাটার ধোঁয়া এবং রাস্তার ধুলাবালিতে তাঁর ভিটার পাঁচটি আম গাছের মুকুল ঝরে গেছে। অন্যান্য গাছের ফলমূলও নষ্ট হচ্ছে।
লেদা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নুর মোহাম্মদ ও কহিনুর আকতার জানায়, চিমনির কালো ধোঁয়া এবং রাস্তার ধুলাবালিতে শ্রেণিকক্ষে পাঠদান সম্ভব হচ্ছে না। এ সময় চোখ ও নাক চেপে বসে থাকতে হয়। ধোঁয়া ও ধুলার কারণে নষ্ট হয় জামাকাপড়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু জাহের ও ইসরাত জাহান বলেন, ‘ইটভাটার ধোঁয়া ও বালুর কারণে আমরা ক্লাস নিতে পারছি না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভায় জানানো হলেও কাজ হচ্ছে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ জানান, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৬৮৬ জন। বিদ্যালয়সীমার ৫০-৭০ গজের মধ্যে দুটি ইটভাটা তৈরি করায় পরিবেশদূষণের পাশাপাশি শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অনেকে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তি সংরক্ষিত বনের পাশে ইটভাটা দুটি তৈরি করেন। ভাটার নাম রাখেন, মেসার্স জিয়াউর রহমান ব্রিকস ও মেসার্স এম এইচ বি ব্রিকস। ভাটা দুটো প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকার পাশে হওয়ায় স্থানীয় লোকজন বাঁধা দেন। কিন্তু কাজ হয়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা দুটিতে অবৈধভাবে ইট বাণিজ্য চলছে। ভাটায় ১০০ ফুট উঁচু চিমনি স্থাপনের নিয়ম থাকলেও এখন ব্যবহৃত হচ্ছে ৪০ ফুটের চিমনি। তাছাড়া কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে বনাঞ্চলের কাঠ।
মেসার্স জিয়াউর রহমান ও মেসার্স এম এইচ বি ব্রিকসের দুই ব্যবস্থাপক মো. ইছা আহমদ ও মোস্তাফিজুর রহমান জানান, সংরক্ষিত বনের পাশে হলেও ব্যক্তিমালিনাধীন জমিতেই তাাঁরা ভাটা দুটি স্থাপন করেছেন। এতে কারো কোনো ক্ষতি হচ্ছে না।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান জানান, ইটভাটার কালো ধোঁয়া ও বালুতে শিশুদের সর্দি, কাশি, শ্বাসকষ্ট রোগ হতে পারে। এ রোগ বারবার দেখা দিলে শিশুর স্বাস্থ্যহানি ঘটে। পড়াশোনায় মনোযোগ কমে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রুত কুমার ধর জানান, ইটভাটা দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে লেখালেখি চলছে। কিন্তু কাজ হচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।