কক্সবাজারের টেকনাফ, সদর, রামুসহ বিভিন্ন এলাকার সংরক্ষিত বনের পাশে ৩৩টি ইটভাটায় পুড়ছে কাঠ। নিচু ফসলি জমির মাটি কেটে তৈরি করা হচ্ছে ইট। ফলে মারাত্মক ক্ষতি হচ্ছে পরিবেশের, কমছে কৃষিজমি। অথচ আইন অনুযায়ী সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন ও কাঠ ব্যবহার নিষিদ্ধ। অবশ্য পরিবেশ অধিদপ্তর সংরক্ষিত বনের পাশের ২০ ইটভাটাকে ইতিমধ্যে নোটিশ দিয়েছে। সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার নিলা ইউনিয়নের মুছনী গ্রামে (সড়কের পশ্চিম পাশে) সংরক্ষিত বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয় টেকনাফের মোহাম্মদ হাশেমের মালিকানাধীন এমএইচবি ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটা। তার সামান্য দক্ষিণে লেদা, নয়াপাড়া ও জাদিমুরা গ্রামে বনের আধা কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয় আরও পাঁচটি ইটভাটা—এ আরবি ব্রিক, জেডআরবি ব্রিক, থ্রি-স্টার ব্রিক, এনবিসি ব্রিক ও ভাই ভাই ব্রিক। একইভাবে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈইগ্যাকাটা ও লম্বাঘোনা পাহাড়ের ভেতর স্থাপন করা হয় এইচবি ব্রিক, ইবিসি ব্রিক ও জিয়াউর রহমান ব্রিকস নামের আরও তিনটি ইটভাটা। এই আটটি ভাটায় দিনরাত সমানে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হলেও কেউ বাধা দিচ্ছেন না। এসব ভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ লাইসেন্স নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে এআর ব্রিকের মালিক তোফাজ্জল আহমদ, ভাই ভাই ব্রিকের মালিক জাফর আলম ও এমএইচবি ব্রিকের মালিক মোহাম্মদ হাশেম জানান, বনের ভেতর হলেও তাঁরা ব্যক্তি মালিকানাধীন জমিতে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এসব ভাটা চালিয়ে আসছেন। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে গেলে বলা হয়, এসব ভাটা নাকি সংরক্ষিত বনের আধা কিলোমিটারের ভেতরে। তাই পরিবেশ ছাড়পত্র মিলছে না। অন্য দিকে জেলা প্রশাসনও পরিবেশ ছাড়পত্র ছাড়া লাইসেন্সের মেয়াদ অনুমোদন করছে না। এ নিয়ে ভাটার মালিকেরা বেকায়দায় রয়েছেন। টেকনাফ উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা শেখ জামাল উদ্দিন জানান, প্রতিটি ইটভাটার দখলে আছে ১০ থেকে ১২ একর জমি। এক্ষেত্রে ৫০টা ভাটার দখলে থাকে প্রায় ৫০ একর জমি। এ কারণে কৃষিজমি কমে যাচ্ছে, ক্ষতি হচ্ছে পরিবেশের। এ ছাড়া ফসলিজমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার করায় জমির উর্বরতা-শক্তিও হ্রাস পাচ্ছে।বনের কাঠ পুড়িয়ে এবং ফসলিজমির মাটি দিয়ে ইট তৈরির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ভাটামালিক আলী আহমদ ও মোহাম্মদ হাশেম জানান, কয়লা দিয়েই আমরা ইট তৈরি করছি। সরকারি বিধিমতে, ১২০ ফুট উঁচু স্থায়ী চিমনি তৈরি করেছি। এতে পরিবেশেরও কোনো ক্ষতি হচ্ছে না। জেলা প্রশাসন সূত্র জানায়, জেলার আটটি উপজেলার ৫৫ ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে অবৈধভাবে ইট তৈরি হচ্ছে ৩৯টিতে। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় পাঁচটি, রামুতে ১১টি, চকরিয়ায় পাঁচটি, পেকুয়ায় তিনটি, কুতুবদিয়ায় তিনটি, মহেশখালীতে তিনটি ও টেকনাফে নয়টি। আবার ৩৯টির মধ্যে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের ভেতরে রয়েছে ৩৩টি। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘সংরক্ষিত বনের ভেতরে ইটভাটা স্থাপন, কৃষিজমির ব্যবহার, পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংস করার দায়ে সম্প্রতি টেকনাফ ও রামুর ২০টি ভাটামালিকের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। চলতি মাসের শেষের দিকে নোটিশের জবাব দেওয়ার নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় ওই সব ভাটামালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশিষ্ট ইটভাটার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে লোকবলসংকটের কারণে পুরো জেলার ভাটাগুলো তদারক করা সম্ভব হচ্ছে না।’ ২০০১ সালে সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনা পাহাড়ি এলাকায় আরএমএম ব্রিক্স নামের একটি ভাটা তৈরি করেন ইসলামাবাদ গ্রামের বাসিন্দা রশিদ আহমদ। ২০০৩ সালের ৩০ জুন এই ভাটার ইট উৎপাদন লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে, কিন্তু উৎপাদন এখনো চলছে। একইভাবে ২০০৯ সালের ৩০ জুন একই উপজেলার পিএমখালী গ্রামে বজল আহমদের মালিকানাধীন বিএসি ব্রিক্স, ২০০৪ সালের ৩০ জুন রামু উপজেলার চাকমারকুল গ্রামের মাওলানা রফিক উল্লাহর মালিকানাধীন এইচবিবিসি ব্রিক্স ও ২০০৬ সালের ৩০ জুন মেরংলোয়ার জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন জেডএইচটি ব্রিক্সের লাইসেন্সের মেয়াদ শেষ হয়। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে ইট তৈরির কারণ জানতে চাইলে ভাটামালিক জাহাঙ্গীর হোসেন ও মাওলানা রফিক উল্লাহ বলেন, ভাটার লাইসেন্স নবায়নের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে গেলে তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে বলে। কিন্তু বনের ভেতরে ইটভাটা স্থাপন এবং পরিবেশ ধংসের দোহাই দিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা আমাদের ছাড়পত্র দিচ্ছেন না। এ কারণে লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এখন ইচ্ছে করলেও প্রশাসন এসব ভাটা উচ্ছেদ করতে পারবে না, কারণ উচ্ছেদের বিরুদ্ধে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল আলম নিজামী বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকলে আমরা কাউকে ইটভাটা তৈরির লাইসেন্স দিতে পারি না। লাইসেন্স নবায়নও করছি না। এ কারণে ৩৯টি ইটভাটার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে এসব ভাটাও উচ্ছেদ করা যাচ্ছে না।’ সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা তৈরি প্রসঙ্গে জানান, সংরক্ষিত বনের তিন কিলোমিটারের ভেতর ইটভাটা হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব বন বিভাগের। কিন্তু এক্ষেত্রে তারা নীরব ভূমিকা পালন করছে।কক্সবাজার বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এম এ খালেক এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ইতিমধ্যে কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। অন্য ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে।’ (প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেন টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন)