সংরক্ষিত বনের বাঁশ আহরণে রাজস্বফাঁকি
খাগড়াছড়ি জেলার নারাইছড়ির সংরক্ষিত বন থেকে অনুমোদিত বাঁশের আড়ালে অতিরিক্ত বাঁশ পাচার হয়ে যাচ্ছে। বন বিভাগের কর্মচারী ও ব্যবসায়ীদের যোগসাজশে বাঁশ পাচারের ফলে সরকার প্রতিমাসে প্রায় তিন লাখ টাকার বেশি রাজস্ব হারাচ্ছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, দীঘিনালা উপজেলার সবচেয়ে বড় সংরক্ষিত বন নারাইছড়ি বন। প্রতিটি বাঁশের জন্য দুই টাকা রাজস্ব জমা দেওয়া সাপেক্ষে ব্যবসায়ীদের এ বনের মুলিবাঁশ আহরণের অনুমতি দেয় বন বিভাগ। এসব বাঁশ অন্য জেলাগুলোতে সরবরাহ করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অনুসন্ধানে জানা যায়, নারাইছড়ি বন থেকে বাঁশ কাটার পর তা দীঘিনালার বাবুছড়া এলাকায় এনে ট্রাকে তোলা হয়। নিয়ম অনুযায়ী ট্রাকে বাঁশ তোলার সময় বন বিভাগের প্রতিনিধি থাকা বাধ্যতামূলক। কিন্তু বাবুছড়া এলাকায় ট্রাকে বাঁশ তোলার সময় বন বিভাগের কোনো প্রতিনিধি উপস্থিত থাকেন না। এ অবস্থায় প্রতিট্রাকে এক হাজার ১০০টি বাঁশ নেওয়ার অনুমতি থাকলেও ব্যবসায়ীরা এক হাজার ৪০০-এর বেশি বাঁশ তুলে নেন।
ট্রাক চালকের সহকারী হযরত আলী ও সাজু মিয়ার সঙ্গে কথা বলে জানা যায়, নারাইছড়ি সংরক্ষিত বন নিয়ন্ত্রণ করে নারাইছড়ি রেঞ্জ কার্যালয়। কার্যালয়টি বাবুছড়া থেকে ১৬ কিলোমিটার দূরে, জামতলিতে। এত দূর থেকে বাবুছড়া যাওয়ার ঝামেলা এড়াতে বন কর্মকর্তা-কর্মচারীরা জামতলি কার্যালয়ে বসে তাঁদের দায়িত্ব সেরে নেন। এ সুযোগে বন বিভাগের লোকজনকে কিছু বখশিশ দিয়ে অতিরিক্ত ৩০০ থেকে ৪০০ বাঁশ নিয়ে যান ব্যবসায়ীরা।
সম্প্রতি বাবুছড়া এলাকায় গিয়ে দেখা যায়, মসজিদ ঘাট এলাকায় শ্রমিকেরা ট্রাকে বাঁশ তুলছেন। বন বিভাগের কোনো প্রতিনিধিকে সেখানে পাওয়া যায়নি। বাঁশবোঝাই ট্রাকের সহকারীরা জামতলি রেঞ্জ কার্যালয়ে গিয়ে কাগজপত্র ঠিক করে এনে ট্রাক নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। এভাবে দিনে ১৫ থেকে ২০ ট্রাক বাঁশ সমতল জেলাগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাঁশ ব্যবসায়ী বলেন, ‘বন বিভাগের লোকজন বাবুছড়া এলে তাঁদের খাওয়াদাওয়া ও যাতায়াত খরচ ব্যবসায়ীদের দিতে হয়। তাই একধরনের বোঝাপড়ার মাধ্যমে তাঁদের কিছু টাকা দিয়ে দিই। আর তাঁরা জামতলিতে বসেই কাগজপত্র ঠিক করে দেন। এতে উভয়েই ঝামেলামুক্ত থাকতে পারি। অতিরিক্ত খরচের টাকা উঠিয়ে নেওয়ার জন্য আমরাও অতিরিক্ত কিছু বাঁশ নিয়ে যাই।’
বাঁশ ব্যবসায়ীরা জানান, প্রতিবছর জুন থেকে আগস্ট এই তিন মাস ছাড়া বাকি নয় মাস সংরক্ষিত বন থেকে বাঁশ সংগ্রহ করা যায়। গত সেপ্টেম্বর থেকে এ বছর এপ্রিল পর্যন্ত এক হাজার ২০০ ট্রাক বাঁশ সমতল জেলাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে বলে তাঁরা জানান। তবে স্থানীয় সূত্রগুলোর মতে, এ পরিমাণ দ্বিগুণের বেশি হবে। বন বিভাগের নারাইছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাসুদ সর্দার জানান, পার্বত্য চট্টগ্রামের তৎকালীন অস্থিতিশীল পরিস্থিতি ও নিরাপত্তার কারণে রেঞ্জ কার্যালয়টি জামতলিতে স্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, বাবুছড়ায় বাঁশ ট্রাকে তোলার সময় বন বিভাগের ফরেস্ট গার্ড বা বোটম্যান একজন অবশ্যই উপস্থিত থাকেন। কোনো রকম অন্যায় সুবিধা নেওয়ার কথা তিনি অস্বীকার করেন।