১৯৭১ সালের ২৮ মার্চ। জিপে করে চেরাগী পাহাড় মোড় পার হচ্ছিলেন চার তরুণ বশরুজ্জামান চৌধুরী, জাফর আহমদ, দীপক বড়ুয়া ও মাহবুবুল আলম চৌধুরী। চারজনই প্রতিরোধযুদ্ধের সক্রিয় কর্মী ছিলেন। তঁারা রসদ নিয়ে যাচ্ছিলেন যুদ্ধরত বাঙালি সৈনিকদের জন্য। তাঁদের গাড়ি মোড়ে ওত পেতে থাকা হানাদার বাহিনীর আক্রমণের মুখে পড়ে। ডিসি হিলে ঘাপটি মেরে ছিল দলটি। অতর্কিত আক্রমণে কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাণ হারান তিনজন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয় মাহবুবুল আলম চৌধুরীকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। অন্য তিনজনের লাশ কোথায় নেওয়া হয়েছে, কেউ জানে না। তাঁরাই চট্টগ্রামের প্রথম শহীদ।
মাহবুবুল আলম চৌধুরীসহ পাকিস্তানি বাহিনীর হাতে আহত হয়ে আসা ইপিআরের (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য ও মুক্তিযোদ্ধাদের ২০ থেকে ২৫ জনকে মাটিচাপা দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষিণ–পূর্ব পাশের ঘন পাহাড়ি জঙ্গলে (বর্তমানে খেলার মাঠের দক্ষিণ–পূর্ব পাশ)।
বিজয়ের ৪৬ বছর পরও বধ্যভূমিটি চিহ্নিত হয়নি। চট্টগ্রাম স্বাধীনতা স্মৃতি ট্রাস্ট, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট, শহীদ পরিবার ও চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের দাবি এ বধ্যভূমি সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করার।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের প্রকাশিত মুক্তিযুদ্ধে চট্টগ্রাম প্রথম খণ্ড বইয়ে উল্লেখ করা হয়, ২৮ মার্চ পাকিস্তানি হানাদারদের হাতে প্রথম শহীদ হন চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র বশরুজ্জামান চৌধুরী, জাফর আহমদ, দীপক বড়ুয়া ও ওমরগণি এম ই এস কলেজের নৈশ বিভাগের ছাত্র মাহবুবুল আলম চৌধুরী। চারজনই ছিলেন ছাত্রলীগ ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতা।
মুক্তিযোদ্ধাদের সঙ্গে কথা বলে জানা যায়, একাত্তরের ২৭ মার্চ থেকে চট্টগ্রামে পাকিস্তানি বাহিনী বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ২৮ মার্চ ডিসি হিলে ওত পেতে ছিল হানাদারদের একটি দল। গাড়িটি চেরাগী মোড় পার হওয়ার সময় হানাদার বাহিনীর সৈন্যরা গুলি ছুড়ে গাড়িটি থামায়। গাড়িতে থাকা এ চার তরুণ তাদের ইপিআরের সদস্য মনে করে জয় বাংলা বলে স্লোগান দিতে থাকেন। জয় বাংলা স্লোগান শুনেই হানাদার বাহিনী ছুড়তে থাকে মুহুর্মুহু গুলি। তাঁদের রক্তে সেদিন রক্তাক্ত হয় চেরাগী পাহাড় মোড়।
শহীদ মাহবুবুল আলম চৌধুরীর ছোট ভাই রফিকুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সালে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারি আমার ভাইসহ চারজন মুক্তিযোদ্ধা পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ হন। পরে তাঁদেরসহ আরও ২১ শহীদকে গণকবর দেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজের খেলার মাঠের দক্ষিণ–পূর্ব পাশে। আমরা চাই এ গণকবরটি সংরক্ষণের মাধ্যমে আমার ভাইসহ সকল শহীদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করা হোক।’
চমেক কর্তৃপক্ষ, শহীদ পরিবার এবং বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে দশম ব্যাচের শিক্ষার্থী ওমর ফারুক প্রথম এ বধ্যভূমির ইতিহাস জানান। এরপরই একই বছরের ২৭ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজের দুজন মুক্তিযোদ্ধা চিকিৎসক বধ্যভূমিটি দেখতে যান। তাঁরা মেডিকেল কলেজের পশ্চিম পাশে অবস্থিত দুজন কর্মচারীর সঙ্গে কথা বলেন এবং অনুসন্ধান চালিয়ে এ ব্যাপারে নিশ্চিত হন। সর্বশেষ ২০১৫ সালের ৬ ডিসেম্বর মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্ট ও শহীদদের স্বজনেরা বধ্যভূমিটি পরিদর্শনকালে এটি সংরক্ষণের দাবি জানিয়েছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মো. ইমদাদ হোসাইন প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের প্রথম চার শহীদের ইতিহাস সম্পর্কে আমরাও শুনেছি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও চাই এ গণকবরটি সংরক্ষণ করে চার শহীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হোক।’
তিনি আরও বলেন, ‘বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণ করা হলে চট্টগ্রাম মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী তথা চট্টগ্রামবাসী এ চার শহীদ এবং বধ্যভূমিটির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে।’
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ও চিকিৎসক মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘২০০৮ সাল থেকে আমরা অনুসন্ধান চালিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের দক্ষিণ–পূর্ব পাশে থাকা বধ্যভূমিটির বিষয়ে নিশ্চিত হয়েছি। স্বাধীনতার ৪৬ বছর পার হলেও সংরক্ষণ করা হয়নি এ বধ্যভূমি। আমরা চাই দ্রুত স্মৃতিফলক নির্মাণ করে চট্টগ্রামের প্রথম চার শহীদের প্রতি সম্মান জানানো হোক। ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন। কিন্তু কেন কাজ হচ্ছে না তা বোধগম্য নয়।’
মাহফুজুর রহমান আরও বলেন, ‘এ বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণ করে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেওয়া হোক। আর এর মাধ্যমে দেশের জন্য আত্মত্যাগে উদ্বুদ্ধ হবে তরুণ প্রজন্ম।’
এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘বধ্যভূমিটি সঠিক কোন জায়গায় এখনো চিহ্নিত হয়নি। আমরাও এটি সংরক্ষণ করতে চাই।’