কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন কলাতলী পাহাড়ে হাজার কোটি টাকা মূল্যের বন বিভাগের মালিকানাধীন ও প্রতিবেশগত সংকটাপন্ন ১২৪ একর পাহাড়ি বনভূমি উদ্ধারে সংশ্লিষ্ট দপ্তরের কোনো ত ৎ পরতা নেই। যদিও এই বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এটি পুনরুদ্ধার এবং ওই জমিতে কোনো রকমের স্থাপনাসহ অবকাঠামো নির্মাণ না করতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। কিন্তু দীর্ঘ সময়েও হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ জানান, অবৈধ দখলে চলে যাওয়া ১২৪ একর বনভূমি মামলার রায় অনুযায়ী বন বিভাগ ফিরে পেয়েছে। কিন্তু আদালতের নির্দেশের কপি হাতে না আসায় ওই জমি থেকে দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া ওই জমিতে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। বনভূমিটিও ভূমি মন্ত্রণালয়ের নথিভুক্ত হয়ে গেছে। এক সঙ্গে এত সমস্যার নিরসন করা বন বিভাগের একার পক্ষে সম্ভব হচ্ছে না। পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা জানান, কয়েক বছর আগে সরকারি কর্মচারীদের আবাসনের জন্য বন বিভাগের মালিকানাধীন ৫১ একরের উঁচু পাহাড় কেটে ফেলা হয়। পরবর্তী সময়ে তার আশপাশে আরও ৭৩ একর পাহাড় দখল করে প্রভাবশালী ভূমিদস্যুরা। এ সময় শতাধিক একরের পাহাড় থেকে ১০ হাজারের বেশি মূল্যবান সেগুন ও গর্জনগাছ কেটে ফেলা হয়। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। হাইকোর্টের আদেশ কার্যকর না হওয়ায় ভূমিদস্যুরা দখলে রাখা জমি ভুয়া কাগজমূলে বিভিন্ন লোকজনের কাছে বিক্রি করে দিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওই আবাসন প্রকল্পের নামে অবৈধভাবে পাহাড় কাটা ও বনভূমি উজারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৬ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট আবেদন করে। গত ৮ জুন হাইকোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের বেঞ্চ ওই রিট মামলার চূড়ান্ত রায়ে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজার ওই ১২৪ একর জায়গায় পাহাড় বা টিলা কাটা বন্ধ এবং ওই জায়গায় কোনো প্রকার স্থাপনা বা আবাসন প্রকল্প নির্মাণ না করার নির্দেশ দেন। এ ব্যাপারে বন বিভাগকে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়। বেলার আইনজীবী ইকবাল কবীর চৌধুরী জানান, ওই ১২৪ একর পাহাড়ি এলাকাকে ১৯৩৫ সালের ১১ জুন সংরক্ষিত বনাঞ্চল এবং ১৯৯৯ সালের ১৯ এপ্রিল প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। কিন্তু তারপরও বিভিন্ন মহলকে ওই জায়গায় পাহাড় কাটা এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্প নির্মাণের জন্য অবৈধভাবে ভূমি বরাদ্দ দেওয়া হয়েছিল।নাম প্রকাশে অনিচ্ছুক বন বিভাগের এক কর্মকর্তা জানান, ১২৪ একর বনভূমি উজার করে ভূমিদস্যুরা শত কোটি টাকার গাছপালা ও জীববৈচিত্র্য ধ্বংস করলেও এ পর্যন্ত ক্ষতিপূরণ মামলা করা হয়নি। বরং মাঠ পর্যায়ের কিছু বন কর্মকর্তা ভূমিদস্যুদের নানাভাবে সহায়তা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকার বিনিময়ে বনভূমিতে বসতবাড়ি সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরতলির বিসিক শিল্প নগরের পেছনে বন বিভাগের বিশাল পাহাড় দখল করে সেখানে কয়েক শ বসতবাড়ি তৈরি করে স্থায়ী বসতি গড়ে তুলেছে মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ বিভিন্ন এলাকার ভাসমান মানুষ। স্থানীয় বাসিন্দা কেরামত উল্লাহ জানান, মোটা অঙ্কের টাকা নিয়ে অবৈধ দখলে সহযোগিতা দিচ্ছেন বন বিভাগের লোকজন। গত দুই মাসে ওই পাহাড়ে মহেশখালী, উখিয়াসহ বিভিন্ন এলাকার শতাধিক লোক বসতবাড়ি তৈরি করলেও বন কর্মকর্তারা রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছেন। সদর রেঞ্জ কর্মকর্তা সজল কান্তি পাল বলেন, ‘ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাওয়া যায় না বলে বনভূমি থেকে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ করা যাচ্ছে না।’ তিনি জানান, বিসিক পাহাড়সহ বাইপাস সড়কের দুই পাশ, কলাতলীসহ বিভিন্ন এলাকার পাহাড়ে ঘরবাড়ি তৈরি করে বসবাসকারী দেড় শতাধিক দখলদারের দুটি তালিকা তৈরি করে উচ্ছেদের জন্য (ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যৌথ অভিযান) জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়। কিন্তু তাতে সাড়া পাওয়া যাচ্ছে না। ফলে দুই বছরের বেশি সময় ধরে বিসিকসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী জানান, এখন ন্যাড়া পাহাড়গুলো দখল করে শত শত বসতবাড়ি তৈরি করা হচ্ছে। এসব স্থাপনা দ্রুত উচ্ছেদ করা না হলে অবশিষ্ট পাহাড়ও রক্ষা করা সম্ভব হবে না।