সংরক্ষিত ২১১ স্থান থেকে বালু উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ার জামছড়ি নদী থেকে বালু তোলা হচ্ছে  প্রথম আলো
উখিয়ার জামছড়ি নদী থেকে বালু তোলা হচ্ছে প্রথম আলো

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী গ্রাম। সড়কের উত্তর পাশে সংরক্ষিত পাহাড় থেকে নেমে এসেছে একাধিক প্রাকৃতিক খাল বা ছড়া। অর্ধশতাধিক শ্রমিক খালের অন্তত ১২টি স্থান থেকে বালু তুলে মহাসড়কের পাশে স্তূপ করছেন। এরপর এসব বালু ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন স্থানে বিনা বাধায়। ১ সেপ্টেম্বর দুপুরে সরেজমিনে দেখা গেছে এমন চিত্র।
অনুসন্ধানে জানা গেছে, জেলার মাতামুহুরী, বাঁকখালী নদীসহ ছোট-বড় আরও ৪৯টি খাল-ছড়ার অন্তত ২১১টি স্থান থেকে এ রকম বালু তোলার উৎসব চলছে। এসব স্থান থেকে দিনে প্রায় ৬০০ ট্রাক বালু তোলা হচ্ছে। নিচু জমি ভরাট এবং ভবনসহ নানা অবকাঠামো নির্মাণকাজে এসব বালু ব্যবহার করা হয়।
পরিবেশ আন্দোলনসহ সংশ্লিষ্ট বিভাগের লোকজন জানান, অবৈধভাবে বালু তোলার কারণে একদিকে সরকার বিপুল অঙ্কের রাজস্ব আয় হারাচ্ছে, অন্যদিকে প্রাকৃতিক উৎস ধ্বংস হওয়ায় হুমকির মুখে পড়ছে পরিবেশ-প্রতিবেশে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, পাহাড় ও ভূমিধস বন্ধ করার জন্য উচ্চ আদালত চকরিয়া উপজেলার ১০টি খালের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু তা মানা হচ্ছে না। মহাসড়কের পাশে স্তূপ করে রাখায় দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অন্যদিকে, ওই ১০টি বালুমহালের ইজারা বন্ধ থাকায় সরকার প্রতিবছর ৩৪ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। উখিয়ার বিভিন্ন খালের অন্তত ৬০টি স্থানে পাম্পযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। এতে খালের পাড়ের ঘরবাড়ি ও চাষের জমি বিলীন হচ্ছে বলে এলাকার লোকজন অভিযোগ করেন।
পালংখালী মিনহাজুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক আক্তার হোসাইন জানান, দীর্ঘদিন ধরে বালু তোলার কারণে তাঁর বসতভিটা খালে ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এ ব্যাপারে অভিযোগ করা হলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পালংখালী খালে বালু তোলার কাজে ব্যবহূত পাম্পযন্ত্রসহ বিপুল পরিমাণ বালু জব্দ করে। কিন্তু সম্প্রতি আবারও বালু তোলা শুরু হয়েছে।
স্থানীয় বালু ব্যবসায়ী মো. শফি জানান, কক্সবাজার সমুদ্রসৈকতের পাশে একটি বহুতল ভবনের জমি ভরাটের জন্য তিনি বালু আহরণ করছেন। এ জন্য জেলা প্রশাসন থেকে খাল ইজারা নেওয়া হয়েছে।
রামু বাজারসংলগ্ন বাঁকখালীর চর থেকে বালু তুলছিলেন ব্যবসায়ী মো. জাহেদ। তাঁর দাবি, তিনি সাড়ে ১০ লাখ টাকা দিয়ে এটি ইজারা নিয়েছেন। তবে এ দুজনের কেউ কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, প্রাকৃতিক উৎস থেকে অপরিকল্পিতভাবে বালু আহরণ করায় নদী বা খালের দুই তীর বিলীন হচ্ছে। ধসে পড়ছে সংরক্ষিত পাহাড়। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, সমুদ্র্রসৈকতসহ পাহাড় থেকে বালু উত্তোলন করলে আমরা ব্যবস্থা নিয়ে থাকি। তবে চকরিয়া, উখিয়া, রামুসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস্য থেকে অপরিকল্পিতভাবে বালু তোলা হচ্ছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘জেলায় মোট ৪৪টি বালু মহাল রয়েছে। এর মধ্যে ১৪টির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চকরিয়ার খুটাখালী ও ডুলাহাজারায় অভিযান চালিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছিল। তবে সম্প্রতি তা আবার চালু হয়েছে বলে খবর পাচ্ছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’