সংলাপ শিল্প: দাম্পত্যের খাট থেকে রাজনীতির মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংলাপে ফিরে আসতে পারে দাম্পত্যের মধুময় মুহূর্তগুলো
সংলাপে ফিরে আসতে পারে দাম্পত্যের মধুময় মুহূর্তগুলো

বিষিয়ে থাকা মন নিয়ে দাম্পত্য পরামর্শকের চেম্বারে যাচ্ছেন এক দম্পতি। স্বামী অমিতব্যয়ী নন, তবে মদে আসক্ত। মাতাল হয়ে ফেরেন না কিন্তু এ অভ্যাস ছাড়তে নারাজ। এদিকে স্ত্রীর বাবা মদ্যপায়ী ছিলেন বলে শৈশব থেকেই এ নিয়ে ভীত তিনি। কিন্তু সংলাপ ছাড়া এ সংকট কাটবে কী করে।

স্ত্রী তাঁর পরিবারের অভিজ্ঞতা এবং মদ্যপ বাবার কারণে তৈরি অশান্তির মধ্যে বেড়ে ওঠা শৈশবের মানসিক চাপ থেকে বেরোতে পারছেন না। ভাবছেন, তাঁর স্বামীও যেকোনো সময় তাঁর বাবার মতো হয়ে উঠতে পারেন এবং এ নিয়েই সংসার ভেঙে যেতে পারে।

অন্যদিকে, স্বামী বেড়ে উঠেছেন এমন এক পরিবারে, যেখানে তাঁর বাবা ছিলেন অত্যন্ত কঠোর এবং কর্তৃত্বপরায়ণ। বাবার কথার বাইরে এক চুল নড়ার সুযোগ ছিল না কোনো কিছুতেই। ছেলেবেলা থেকে এমন নিয়ন্ত্রণের মধ্যে থেকে সব বিধিনিষেধের বিষয়েই বিরক্ত তিনি। তাঁর পরিমিত মদ্যপানেও স্ত্রীর আপত্তিকে তাই নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা হিসেবে দেখছেন তিনি।  

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দাম্পত্য-বিষয়ক খ্যাতনামা পরামর্শক ডোনাল্ড কোল বরাবর যা করেন, ঠিক সেভাবেই আলোচনা শুরু করলেন এ দম্পতির সঙ্গেও। বললেন, ‘আপনারা একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করুন।’ পুরুষটিকে বললেন, ‘ভাবুন যে আপনার স্ত্রীর জায়গাটিতে আপনি আছেন, যে আপনি মদ্যপ পিতার পরিবারে অশান্তির মধ্যে বড় হয়েছেন আর এখন আপনার স্বামীই প্রতিরাতে মদ খেয়ে বাড়ি ফেরেন।’ আর নারীটিকে বললেন, ‘চিন্তা করে দেখুন যে নামমাত্র স্বাধীনতায় পুরো শৈশব-কৈশোর কাটিয়ে এখন বিয়ে থার পরও নিজের ইচ্ছেমতো চলতে পারছেন না আপনি।’

অভিজ্ঞ কোলের বক্তব্যের এমন সময়ে অনেক পুরুষ বা নারীই ‘আহা’ বলে শ্রাগ করেই বিষয়টি উড়িয়ে দেন। তবে অনেক দম্পতির ক্ষেত্রেই অপর পক্ষের মানসিকতা, গভীর অনুভূতি বা দীর্ঘদিনের অভ্যাসটিকে বোঝার চেষ্টা শুরু করাই সংকট সমাধানের পথ করে দেয়।

শুধু দাম্পত্যেই নয়, ব্যবসা বা কর্মক্ষেত্রে সংলাপের শুরুও হওয়া উচিত অপর পক্ষকে বোঝার চেষ্টা করার মধ্য দিয়ে। দিন দিন সব পর্যায়ের ব্যবস্থাপকদের কাছেই এ প্রত্যাশা বাড়ছে যে, তারা নতুন ক্লায়েন্ট এমনকি তাঁদের অধীন কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গেও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানে অভ্যস্ত হবেন।

তবে অবস্থাটা চিরদিনই এমন ছিল না। এক প্রজন্ম আগেও এটাই আশা করা হতো যে উচ্চপর্যায়ের কর্মকর্তারা সব ধরনের সিদ্ধান্ত নেবেন এবং এ ক্ষেত্রে অধস্তনদের সঙ্গে এমনকি পরামর্শ করারও কোনো কারণ আছে বলে মনে করা হতো না। বিবিসির প্রতিবেদককে এমনটাই বলেছেন উইলিয়াম উরি, যিনি শ্রমিক ধর্মঘট থেকে শুরু করে ভেনেজুয়েলার গৃহযুদ্ধ অবসানের চেষ্টায়ও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন।

আজকের দিনে কোম্পানিগুলোও চাইছে নিচু পর্যায়ের কর্মীরাও নতুন ভাবনা নিয়ে এসে ব্যবস্থাপকদের জানাবেন এবং প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখবেন। উরি বলছেন, ‘আপনি যদি শুনতে অভ্যস্ত হন, তাহলেই আপনি অপরপক্ষকে বোঝার মতো অবস্থায় পৌঁছাতে পারবেন।’

ভিন্ন ভিন্ন সংস্কৃতিতে সম্পর্ক ও চর্চার ভিন্নতার কারণে সংলাপের কাজটা কোথাও সহজ হলেও কোথাও বেশ কঠিন। বিবিসির এই ফিচারে আরও বলা হচ্ছে, দক্ষিণ আমেরিকা এবং এশিয়ায় সম্পর্কের ওপর খুবই গুরুত্বারোপ করা হয় এবং অনেক সময়ই সত্যিকার সংলাপ শুরুর আগে একে অন্যকে বোঝার চেষ্টা করবে বলে আশা করা হয়। উত্তর ইউরোপে প্রায়ই সংলাপে ব্যক্তির বিশেষ দক্ষতার বিষয়টিতেই জোর দেওয়া হয় এবং দুপক্ষের টুকটাক আলাপচারিতায় কী ফল হলো, তাকে খুব একটা পাত্তা দেওয়া হয় না। আর যুক্তরাষ্ট্রের সংস্কৃতিতে ‘টাইম ইজ মানি’র (সময়ই অর্থ) মতো খুবই প্রচলিত ধারণার কারণে তাদের ধৈর্যহীন প্রতিক্রিয়া করতে দেখা যায়।