সংসদীয় গণতন্ত্রের পদধ্বনি মধ্য এশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপকভাবে সাংবিধানিক পরিবর্তনের পক্ষে রায় দিল কিরগিজস্তানের মানুষ।আঞ্চলিক মুরব্বি রাশিয়া অবশ্য বিষয়টাতে খুব স্বস্তি বোধ করছে না। রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মধ্য এশিয়ায় সংসদীয় গণতন্ত্রের কার্যকরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, স্থিতিশীলতার জন্য এ অঞ্চলে শক্ত কর্তৃত্বের একটি সরকার দরকার, যা প্রেসিডেন্ট পদ্ধতিই নিশ্চিত করতে পারে। মেদভেদেভ বলেন, তাঁর আশঙ্কা, এটি নানা ধরনের সমস্যার জন্ম দেবে এবং উগ্রপন্থীদের ক্ষমতায় যাওয়ার পথ সুগম করবে। তিনি বলেন, কিরগিজস্তান ভেঙে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে এবং এটি ঠেকাতে ‘শক্ত ও সুসংগঠিত’ সরকার দরকার। সংসদীয় ব্যবস্থা তাদের জন্য যথেষ্ট শক্তিশালী নয়।কিরগিজস্তান ১৯৯১ সালে স্বাধীন হওয়ার আগে রাশিয়ার নেতৃত্বাধীন সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। বিভিন্ন কারণে মধ্য এশীয় ও অন্যান্য সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলোর অনেকেরই ওপর এখনো রাশিয়ার লক্ষণীয় প্রভাব রয়েছে। কিরগিজস্তানে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি।প্রেসিডেন্টের অনেক ক্ষমতাই তুলে দেওয়া হয়েছে পার্লামেন্টের হাতে। পাঁচ বছর করে দুই মেয়াদে থাকার বদলে ছয় বছরের এক মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে তাঁর জন্য।দেশের অন্তর্বর্তী সরকারের নেত্রী রোজা ওতুনবায়েভা এ গণভোটকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, এর মাধ্যমে কিরগিজস্তান সত্যিকারের জনগণের সরকারের পথে যাত্রা শুরু করবে।ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে রোজা ওতুনবায়েভা ২০১১ সালের শেষ পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আগামী অক্টোবরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আন্দোলনের মুখে গত এপ্রিল মাসে প্রেসিডেন্ট কুরমানবেক বাকিয়েভ ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার এ নির্বাচনের আয়োজন করে। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় উল্লেখ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও রাশিয়া এ গণভোটে সমর্থন দিয়েছিল।দেশের দক্ষিণাঞ্চলে কিরগিজ ও সংখ্যালঘু জাতিগত উজবেকদের মধ্যে দাঙ্গার মাত্র দুই সপ্তাহ পর নির্বাচন অনুষ্ঠিত হয় বলে ভোটে জনগণের অংশগ্রহণ ও নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল। নির্বাচন কমিশন ভোট পড়ার যে হারের কথা বলছে (৭০%), তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সমালোচকেরা। সংঘাত থামতে না থামতেই এটি আয়োজনেরও সমালোচনা হয়েছে, তবে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওইসিডি) পর্যবেক্ষকেরা বলেছেন, গণভোট মোটের ওপর স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হয়েছে। তবে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে আরও উন্নতি করা দরকার বলে মত দিয়েছে ওইসিডি। সংস্থাটি আরও মন্তব্য করে, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন রাজনৈতিক দলগুলোর।বিবিসির বিশ্লেষকও এ গণভোটের ফলকে কিরগিজস্তানে সংসদীয় গণতন্ত্রের অঙ্কুরোদগম হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, এখনো আরও অনেক কিছু করতে হবে দেশটিকে। তাঁর মূল্যায়ন: এটি অন্তর্বর্তী সরকারের পথের একটি বাধা সরে যাওয়ার সমান। এখন তাদের ভোটে যে সংস্কারের পক্ষে রায় এসেছে, তা বাস্তবায়নের কাজে এগিয়ে যেতে পারে। দেশকে তার প্রত্যাশার ‘সত্যিকারের জনগণের গণতন্ত্রের’ পথে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট রোজা ওতুনবায়েভাকে এখনই দুটি কাজ করতে হবে। প্রথমত, গত মাসের জাতিগত সহিংসতার একটি সুষ্ঠু তদন্ত, যার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। নানা ‘তত্ত্ব’ শোনা গেলেও ওই ঘটনার সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত নয়। দ্বিতীয় কাজটি হচ্ছে, জনগণকে একতাবদ্ধ করা। গত বেশ কয়েক দিনে ঐক্যের কথা বারবার বলেছেন ওতুনবায়েভা। সংখ্যালঘু উজবেকরা যেখানে দলে ভারী, দেশের সেই দক্ষিণাঞ্চলে বিভেদের ফাটল কি বোজাতে পারবেন তিনি? নাকি ভয় ও পারস্পরিক ঘৃণার দেয়াল পেরোনো সবার আয়ত্তের বাইরে?বিশ্লেষকদের কথা, গণভোটের মতো একটি বড় কাজ হয়ে গেছে। এখন এসব প্রশ্নের জবাব খোঁজার কাজটা শুরু করতে পারবে ওতুনবায়েভা অ্যান্ড কোং।