সংসদীয় বিতর্কের আসর
বিতর্ক নিয়মিত চর্চার বিষয়। নিয়মিত চর্চার ফলেই যুক্তিবাণে পরিপূর্ণ হয়ে একজন শিক্ষার্থী গড়ে ওঠে তুখোড় বিতার্কিক হিসেবে। নিয়মিত বিতর্ক চর্চা চালিয়ে যাওয়ার লক্ষ্যে কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটির উদ্যোগে আয়োজন করা হয় আন্তস্কুল বিতর্ক প্রস্তুতি টুর্নামেন্ট। ১০ জানুয়ারি শুরু হওয়া এ আয়োজনের এবার ছিল দ্বিতীয় পর্বের আসর। এতে নগরের সাতটি বিদ্যালয়ের ৩০ জন বিতার্কিক অংশ নেয়।
টুর্নামেন্টে কলেজিয়েট স্কুল, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়, ইস্পাহানি পাবলিক কলেজ ও সেন্ট প্লাসিডস ১০টি বিতর্ক দল। এসব দলের নামেও ছিল বৈচিত্র্য—‘কুতকুত’, ‘এবিসিডি’, ‘দেয়াল’, ‘তিন গোয়েন্দা’, ‘পথের পাঁচালী’, ‘লস্ট সিম্বল’, ‘পিওআই’, ‘নকশী কাঁথার মাঠ’, ‘সুতীর্থ’ ও ‘লোশন’। আয়োজনের প্রথম দিনে ছিল বিতর্কের প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।
১৪ জানুয়ারি চূড়ান্ত পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয় কলেজিয়েট স্কুল মিলনায়তনে। চূড়ান্ত পর্বে ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বৈদেশিক হস্তক্ষেপ কাম্য নয়’ বিষয়ের ওপর সংসদীয় বিতর্কে মেতে ওঠেন ‘কুতকুত’ ও ‘এবিসিডি’ দলের সদস্যরা। যুক্তির লড়াই শেষে চ্যামিপয়ন হয় কুতকুত দল। কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তৈয়ব হোসেনের নেতৃত্বে এ দলের অন্য সদস্যরা হলেন সেন্ট প্লাসিডস উচ্চবিদ্যালয়ের অর্জুন ত্রিপুরা ও সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়ের ফারিয়া মেহজাবিন। বিতর্ক শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কলেজিয়েট স্কুলের জ্যেষ্ঠ শিক্ষক আনিস ফারুক ও সাহেদ মাহমুদ।