সংসার চলে না তবু শিক্ষকতা ছাড়েননি তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলার দীঘিনালার দুর্গম পাহাড়ি এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের উদ্যোগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাবুছড়ামুখ উচ্চবিদ্যালয়। ৪০ জন শিক্ষার্থী নিয়ে পথচলা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ১০ জন শিক্ষকের সবারই শিক্ষাগত যোগ্যতা স্নাতক, যাঁদের অর্ধেকেরই আছে বিএড ডিগ্রি। ২০০০ সালে বিদ্যালয়টি পাঠদানের স্বীকৃতি ও ২০০৪ সালে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়। তবে এমপিওভুক্ত না হওয়ায় সামান্য বেতনে পাঠদান করতে বাধ্য হচ্ছেন শিক্ষকেরা।

জানা গেছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হতে হলে বিদ্যালয়ের পাঠদানে বোর্ডের স্বীকৃতি, একাডেমিক স্বীকৃতি, শিক্ষকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক ও বিএড, নিজস্ব অবকাঠামো, পর্যাপ্ত শিক্ষার্থীর সংখ্যা, সঞ্চয় এসব থাকতে হবে। বাবুছড়ামুখ বিদ্যালয় এসব শর্ত পূরণ করে শিক্ষা বোর্ডের কাছ থেকে স্বীকৃতিও পেয়েছে। কিন্তু বারবার আবেদন করার পর এমপিওভুক্ত করা হয়নি বিদ্যালয়টিকে।

বাবুছড়ামুখের আশপাশের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো উচ্চবিদ্যালয় নেই। দরিদ্র আদিবাসী পরিবারের শিশুরাই এই বিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষকদের অক্লান্ত চেষ্টায় ভালো ফলাফল করছে এখানকার শিক্ষার্থীরা। গত বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৭৮ শতাংশ। অথচ এর পরও এমপিওভুক্ত হয়নি বিদ্যালয়টি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসে দুই হাজার ৬০০ ও সহকারী শিক্ষকেরা দুই হাজার ৪০০ টাকা বেতন পান। এই টাকায় সংসার চালাতে হিমশিম খেলেও শিক্ষার্থীদের কথা ভেবে বিদ্যালয় ছেড়ে যাননি তাঁরা।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের একটি দ্বিতল ও একটি একতলা পাকা ভবনে পাঠদান চলছে। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিনটি বিভাগে পড়ছে ৩৩০ জন শিক্ষার্থী। ১০ জন শিক্ষক ও দুইজন কর্মচারী রয়েছেন বিদ্যালয়ে। ২০১৪ সাল পর্যন্ত বিদ্যালয়টির শিক্ষা বোর্ডের স্বীকৃতিও রয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিক নিসিরিকা চাকমা, শেফালিকা চাকমা, অনুপম চাকমা ও অবিনশ্বর চাকমা আক্ষেপ করে বলেন, ‘আমরা প্রতিষ্ঠাকালীন থেকে এ বিদ্যালয়ে শিক্ষকতা করছি। যে বেতন পাই তা দিয়ে পরিবার চলে না। আমরা কবে এমপিওভুক্ত হব তার কোনো নিশ্চয়তা নেই। কেবল শিক্ষার্থীদের মুখের দিকে তাকিয়ে পাঠদান করছি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি চাকমা বলেন, ‘আমার বেতন মাত্র দুই হাজার ৬০০ টাকা।

এ টাকায় সংসার চলে না। অথচ আমরা ২০০৪ সালে এমপিওভুক্তির প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করেছি। জেলার মধ্যেও এ বিদ্যালয় জ্যেষ্ঠতায় এগিয়ে; কিন্তু এ পর্যন্ত পাঁচবার আবেদন করেও লাভ হয়নি।

আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছি তবে শুধু আশ্বাস পেয়েছি। শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে চাকরিও ছেড়ে দিতে পারছি না। বিদ্যালয়টির আশপাশে আর কোনো উচ্চ বিদ্যালয় নেই।

দরিদ্র আদিবাসী জনগোষ্ঠীর একমাত্র ভরসা এটি। পাঁচ নম্বর বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যুগে একজন শিক্ষক কিভাবে দুই থেকে আড়াই হাজার টাকায় সংসার চালাবেন? বাবুছড়ামুখ এলাকার বিভিন্ন গ্রামের কয়েক শ পরিবারের সন্তান মাধ্যমিক শিক্ষার জন্য বিদ্যালয়টির ওপর নির্ভর করে। বিদ্যালয়টি এমপিওভুক্ত হলে শিক্ষার মান আরও বাড়বে।