সংসার চালাতে ভিন্ন পেশায় আদিবাসী নারীরা

জুমচাষের মতো সনাতন পেশা ছেড়ে চাকরি ও আত্মকর্মসংস্থানের দিকে ঝুঁকছেন আদিবাসী নারীরা। রাঙামাটি শহর ও শরতলির বহু নারী সংসার চালাতে বিভিন্ন পেশায় আসছেন। মূলত জুমচাষ থেকে আয় কমে যাওয়ায় ও পরিবারের সদস্যদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতেই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।
বনরূপা বাজারে সবজির ব্যবসা করেন মধ্যবয়সী আদিবাসী নারী মমতা চাকমা। স্বামীর সঙ্গে নানা মতপার্থক্যের কারণে বিচ্ছেদ ঘটেছিল তাঁর। এরপর ছেলেকে নিয়ে চলে আসেন রাঙামাটি শহরে। বেঁচে থাকার প্রয়োজনে শুরু করেন সবজির ব্যবসা। প্রায় ১৫ বছর ধরে সবজি ব্যবসার আয় থেকে ছেলের পড়াশোনা, বাড়িভাড়া ও সংসার খরচ চলছে বলে তিনি জানান।
মমতা চাকমা বলেন, ‘গ্রাম থেকে চাষিরা সবজি নিয়ে আসেন। তাঁদের কাছ থেকে পাইকারি দরে কিনে সেগুলো বিক্রি করি। প্রতিদিন সকালে সবজি বিক্রি করতে বসি। তারপর দুপুরে খাবার খেয়ে আবার সন্ধ্যা পর্যন্ত সবজি বিক্রি করি। দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয়। কখনো হাটের দিনে এক হাজার টাকা পর্যন্ত আয় হয়।’
রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার টেক্সটাইল মার্কেটের বিক্রয়কেন্দ্রের কর্মী দীপা চাকমা (২৪) উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন। তারপর বাবা মারা যাওয়ার পর বেছে নিয়েছেন বিক্রয়কর্মীর পেশা।
দীপা চাকমা জানান, তাঁদের বাড়ি রাঙামাটি সদর উপজেলায়। পেশার কারণে রাঙামাটির শহরতলি রাঙাপানি গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে দুই ভাইকে নিয়ে থাকেন। দুই ভাইয়ের পড়াশোনা, বাড়িভাড়া ও সংসার খরচ তাঁকেই চালাতে হচ্ছে।
দীপা চাকমা আরও বলেন, ‘আমার স্বপ্ন ছিল উচ্চশিক্ষা গ্রহণের। কিন্তু বাবার হঠাৎ মৃত্যুতে আমাদের পরিবারে দুর্দশা নেমে আসে। তাই এখন আমার নিজেরই ভাইবোনদের পড়াশোনা করাতে হচ্ছে।’
অপর দিকে, রাঙাপানি গ্রামের মিত্রা চাকমা কোমরতাঁত বুনে সংসারের হাল ধরেছেন। পাঁচ বছর আগে স্বামী হঠাৎ পক্ষাঘাতে আক্রান্ত হন। তখন থেকে কোমরতাঁতে কাপড় বুনে সংসার চলাচ্ছেন তিনি। এ ছাড়া দুই ছেলেমেয়ের মধ্যে মেয়ে সপ্তম শ্রেণিতে এবং ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ছে। তিনি জানান, মাসে দুটি পিনোন (আদিবাসী নারীদের পরনের কাপড়ের নিচের অংশ) ও তিনটি হাদি (বক্ষবন্ধনী) তৈরি করতে পারেন। সেগুলো বিক্রি করে আয় হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা। তবে বুননশৈলী ও নকশার ওপর কাপড়ের দাম নির্ভর করে বলে উল্লেখ করেন মিত্রা চাকমা।
আদিবাসী নারীদের বিচিত্র পেশা গ্রহণের ব্যাপারে স্থানীয় নারী টুকু তালুকদার বলেন, শ্রমবাজারের বিভিন্ন পেশায় আদিবাসী নারীদের প্রবেশ ইতিবাচক। জুমচাষে শ্রম বিক্রির মতো সনাতন পেশার ক্ষেত্র কমে যাওয়ায় নারীরা শহরমুখী হচ্ছেন। এসব নারীর দক্ষতা বৃদ্ধি, মজুরিবৈষম্য দূর করা এবং সংগঠন সৃষ্টির মাধ্যমে সচেতন করার উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।