দিনে দিনে সংসারটা বেশ বিস্বাদ হয়ে গেল। এ থেকে মুক্তির উপায় খুঁজে পেতে নিরুদ্দেশ হয়ে যান মাখনলাল। ফটিকচাঁদ সন্ন্যাসব্রত গ্রহণ করেন। কিন্তু নিয়তির চক্রে শেষ পর্যন্ত তাঁরা সংসারধর্মেই মুক্তির সন্ধান পান।রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে মুক্তির উপায় নাটকের কাহিনি এমনই, অনেকটা রবিঠাকুরের কথার মতোই—‘বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়...।’ রবীন্দ্রনাথের সার্ধশতবার্ষিকী ও ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের যুগপূর্তি উপলক্ষে ৮ এপ্রিল সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হয় এ নাটক।নাটকের নির্মাণভাবনা ও পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও ফেইম স্কুলের প্রধান অসীম দাশ। নাট্যরূপ দিয়েছেন গৌতম রায়। আবহ সংগীত পরিচালনায় ছিলেন রাজীব রায় চৌধুরী।মেধাবী নির্দেশনা, পরিপাটি মঞ্চসজ্জা, সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয় মিলনায়তনের মঞ্চটাকে আনন্দভারে পরিপূর্ণ করে তুলেছিল। দর্শকের করতালি যেন তাই বলে। নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের ছাত্রী শান্তা নাটক সম্পর্কে বলেন, ‘অভিনেতাদের অভিনয় দেখে আমি মুগ্ধ। অভিনেতাদের পোশাক ও মঞ্চসজ্জা মন কেড়েছে। নাটক দেখে মনে হচ্ছিল যেন রবীন্দ্রযুগে ফিরে গেছি।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র ইমরান হোসেন বলেন, ‘দৈনন্দিন যান্ত্রিকতার ভিড়ে এমন নাটক একটু হলেও মনে প্রশান্তি এনে দেয়।’