সংসারে অনন্ত আশা আর সম্ভাবনার প্রতীক ফখরুল

ফখরুল ইসলাম আবুধাবির রানিয়া ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করেন। বিদ্যুৎ বিভাগের ঠিকাদারের কাজ এদের। ফখরুলের জন্ম নোয়াখালী জেলার বেগমগঞ্জের অনন্তপুর গ্রামে। পাতলা গড়ন। এই মানুষটি বিপুল বেগে কাজ করেন। বড় আত্মবিশ্বাসী মনে হলো তাঁকে। এসেছেন ‘হেলপার’ হয়ে। এখন ‘কেব্ল জয়েন্টার’। এ জন্য আছে তাঁর পেশাগত সনদ। বিশেষ এই কাজটিতে পারদর্শিতার কারণে কোম্পানিতে তাঁর যথেষ্ট সমাদর। তিনি যথাযোগ্য মর্যাদা পান সবার কাছে। বললেন তৃপ্তি নিয়ে।
ফখরুলের মা-বাবা আছেন। তাঁরা থাকেন বাড়িতে। ফখরুলরা তিন ভাই ও দুই বোন। ভাইদের সবাই বিবাহিত এবং একই পরিবারভুক্ত। বোনদেরও বিয়ে হয়ে গেছে। জ্যেষ্ঠ সহোদর একসময় সিঙ্গাপুরে চাকরি করতেন। এখন দেশে থাকেন। তাঁরই টাকায় ফখরুল সংযুক্ত আরব আমিরাতে এসেছেন। দেড় লাখ টাকার বিনিময়ে ভিসা সংগ্রহ করেছিলেন। এটা ২০০৩ সালের কথা। শুরুতে তাঁর বেতন ছিল বাংলাদেশি মুদ্রায় দশ হাজার টাকার মতো। এখন তা বেড়ে পাঁচ গুণ।
ফখরুল ভাইদের মধ্যে কনিষ্ঠ। তিনি মা-বাবার প্রতি প্রচণ্ড রকমের দায়িত্ববান। বলেন, তাঁদের জন্যই এই পৃথিবীটা আমার দেখা। সে জন্য সন্তান হিসেবে তাঁর আছে অনেক করণীয়। বললেন, ‘মা-বাবাকে শান্তিতে রাখলে খোদাও খুশি হন।’
ফখরুলের সঙ্গে যখন দেখা হয় তখন ইলেকট্রিসিটি কোম্পানির একটি প্যাকেজ ইউনিট বসানোর কাজ শেষ হলো। তিনি ডিস্ট্রিবিউশনের এই ইকুইপমেন্টের চারপাশে শাওয়েল দিয়ে মাটি ফেলছিলেন। তিনি কথা এবং কাজ দুটিই করছিলেন বেশ স্বাচ্ছন্দ্যে।
অনর্গল আরবি ভাষায় কথা বলতে পারেন। সহকর্মী, তদারককারী কিংবা পরিদর্শকের সঙ্গে আরবি ভাষায় কথা বলছিলেন তখন। আমার সঙ্গে কেবল বাংলায়। লাগাতার কাজ করতেও অলসতা নেই তাঁর। সবকিছু সামলানোর সামর্থ্য যেন আছে তাঁর।
ভাইপো, ভাইঝি, ভাগনে, ভাগনির চাওয়া পূরণ করে বড় আনন্দ পান তিনি। বললেন, ঈদ বা অনুরূপ পার্বণে এরা এক জায়গায় হয়। কোনো বছরে সুযোগ হয় তাঁরও এই মিলনমেলায় উপস্থিত থাকার।
সংসারের অনন্ত আশা আর সম্ভাবনার প্রতীক ফখরুল। অনন্তপুর গ্রামের এই সন্তান একটার পর একটা আশা পূরণ করছেন। তাঁর অনন্ত আকাঙ্ক্ষা পূরণ হোক।
নিমাই সরকার
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত