সংসারের জন্য সংগ্রাম
ফুটপাতের ওপর একটি ঝুপড়ি। কুয়াশার চাদর ঘিরে রেখেছে ছোট্ট ঘরটি। সেখানে বসে রুটি তৈরি করছেন নুরুন্নাহার বেগম। লোকজনকে রুটি-ডাল পরিবেশন করছে তাঁর স্কুলপড়ুয়া মেয়ে শাহনাজ বেগম। খাওয়া শেষ হলেই গ্রাহকের কাছ থেকে টাকা বুঝে নেয় সে। আর তাতে উজ্জ্বল হয়ে উঠে মায়ের মুখ। কারণ দোকানটিই যে তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন! এটা দিয়েই স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।চকবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দিকে ফজলুল কাদের সড়কের ফুটপাতে নুরুন্নাহার বেগমের ঝুপড়ি দোকান।নিউমার্কেট, স্টেশন সড়ক, সদরঘাট ও চান্দগাঁওয়ে দেখা গেছে এরকম নারীদের দোকান, স্বাবলম্বী হওয়ার অদম্য প্রচেষ্টা।নুরুন্নাহার বলেন, ‘১৬ বছর ধরে এখানে রুটি বানাই, বিক্রি করি। ডাল, চা, গুড় যার যেটা পছন্দ সেটা দিয়ে ক্রেতারা রুটি খান। দিনে দেড় হাজার টাকার বেশি বিক্রি হয়। চার সন্তান লেখাপড়া করে। একটু কষ্ট হলেও আমি ভালো আছি।’নুরুন্নাহারের দোকানদারি শুরু হয় ভোরে, চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। স্কুলে যাওয়ার আগে পর্যন্ত মেয়েটা সাহায্য করে তাঁকে। এরপর তিনি একা হয়ে যান। স্বামীর কথা জানতে চাইলে নুরুন্নাহার বলেন, ‘স্বামীকে আমি চালাই। আগে একটা হোটেলের বাবুর্চি ছিল। এখন বেকার।’ ফুটপাতে দোকানদারি করতে কিছু অসুবিধায় পড়তে হয় তাঁকে। বললেন, সিটি করপোরেশনের লোক ও টহল পুলিশকে প্রায়ই টাকা দিতে হয়। ভয়ে আছেন এসব কথা বলায় তাঁকে উচ্ছেদ করা হবে কি না এ আশঙ্কায়। স্টেশন সড়কের ফুটপাতে মমতাজ বেগমের চায়ের দোকান। দক্ষ হাতে দ্রুতগতিতে চা তৈরি করছিলেন তিনি। বিস্কুট, বেকারির নাশতা, চা, সিগারেট নিয়েই মমতাজ বেগমের দোকান। পাশে আছে স্বামীর চটি বইয়ের দোকান। মমতাজ বলেন, ‘স্বামীকে সাহায্য করি। ছেলেমেয়েরা স্কুলে পড়ে। দোকানের আয়ে ব্যুরো বাংলাদেশ সমিতির ঋণের কিস্তি ও ঘরভাড়া দেই। যা থাকে তা দিয়ে চলে সংসার। সুখেই আছি।’ ফুটপাতে ভোগান্তির কথা বলেন তিনি ‘মাঝেমধ্যে পুলিশ দোকান উঠিয়ে দেয়। সব গুটিয়ে নিয়ে বাসায় চলে যেতে হয়। কিছু ঘুষ দিলে শান্তিমতো দোকানদারি করা যায়।’ দিলুয়ারা বেগম, লাভলি আকতার, নাজমা বানু, মানবিকা রানী ওরা নির্মাণশ্রমিক। সদরঘাট এলাকায় চোখে পড়ে এঁদের। কেউ পুরুষ শ্রমিকদের সঙ্গে একত্রে মাটি খুঁড়ছেন, ইট, বালি, সিমেন্ট, পানি মিশিয়ে প্রক্রিয়াজাত করছেন, কেউ দৌড়াচ্ছেন এসব মাথায় নিয়ে। শক্ত হাতে পানির বালতি বহন করছেন অনেকে। কারও দাঁড়ানোর সময় ও সুযোগ নেই। মাথার ওপর ইটের ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে কথা বললেন গাইবান্ধার দিলুয়ারা বেগম। ‘নদীভাঙনে আমার সব গ্যাছে। স্বামী, সন্তান কেউ নেই। কাজ করে পেট চালাই।’ তাঁরা সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ করেন। পুরুষের সমান শ্রম দেন কিন্তু সমান মজুরি পান না। এ নিয়ে ভীষণ ক্ষোভ নাজমা বানুর। ‘আমরা পাই দিনে ১৩০ টাকা, ছেলেরা ১৮০ টাকা। কেন? আমরা তো কাজ কম করি না। কাজ না করলে খাব কী? তাই চুপচাপ কাজ করি।’ ‘কাজ করতে মজা লাগে। টাকা আসে। সংসারে সবসময় স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না।’ দুহাতে পানি ভর্তি বালতি বয়ে নিতে নিতে বলেন মানবিকা রানী। সোহাগি বেগমের বয়স প্রায় ৫০। মিমি সুপার মার্কেটের সামনে ইট ভাঙার কাজ করেন। পঙ্গু স্বামী, উপার্জনহীন। ‘আগে ভিক্ষা করতাম। সেটা ভালো লাগে না। গায়ে শক্তি নেই, তারপরও কাজ করি, করতে চাই। কারণ আমি আর ভিক্ষার পেশায় ফিরতে চাই না।’ বললেন তিনি।