সংসারের হাল ধরলেন তাঁরা
দুপুর ১২টা বাজতেই ভিড় বাড়ে রত্না বেগমের (২৫) দোকানে। সকাল নয়টায় দোকান খুললেও দুপুরের এই সময়টায় রিকশাচালক, ঠেলাগাড়িচালক ও পথচারীরা চা, হালকা নাশতা ও পান খেতে আসেন। দম ফেলারও সময় থাকে না তখন। তিন বছরের মেয়েকে কোলে নিয়ে এক হাতেই সামলাতে হয় সব। ভিড় একটু কমলে স্বামীকে দোকানে বসিয়ে সেরে নেন রান্নার কাজটাও। সংসারে আরও দুই ছেলে আছে তাঁর। প্রতিদিন পরিবারের চারজন সদস্যের মুখে খাবার তুলে দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয় তাঁকে।কেবল রত্না নন, কাজির দেউড়ি, জিইসি, পাঁচলাইশসহ নগরের বিভিন্ন এলাকায় ভ্যানগাড়িতে চা বিক্রি করে সংসার চালান বেশ কিছু নারী। স্বামী বেকার অথবা অসুস্থ হওয়ায় সংসারের হালটা ধরতে হয়েছে তাঁদের। শ্রমজীবী এইসব নারী দোকান চালানোর পাশাপাশি সংসারের আর সব কাজও করছেন।নগরের পাঁচলাইশ এলাকায় ছোট্ট ভ্যানগাড়িতে রত্না বেগমের দোকান। এই দোকান সম্বল করে সংসার সামনের দিকে টেনে নিচ্ছেন তিনি। ঘরভাড়া মাসে দু-হাজার টাকা। এ ছাড়া প্রতিদিনের খাওয়ার খরচ তো আছেই। পাশাপাশি বড় ছেলেটির লেখাপড়ার এবং স্বামীর চিকিৎসার খরচও জোগাতে হয় তাঁকে। রত্নার যুদ্ধটা শুরু হয় খুব ভোরে। সকালে ৩৫০-৪০০ টাকা নিয়ে বের হন দোকানের জন্য বেকারি থেকে নানা পণ্য কিনতে। দিন শেষে যা আয় হয় তার একটা অংশ চাঁদাও দিতে হয় পুলিশকে। রাত নয়টায় ক্লান্ত শ্রান্ত হয়ে দোকানের ঝাঁপ ফেলে ঘরে ফেরেন তিনি।কেন এমন ব্যবসায় এলেন? এমন প্রশ্নের উত্তরে রত্না বেগম বলেন, ‘স্বামী অসুস্থ হওয়ায় পোশাক কারখানায় কাজ নিতে পারিনি। তাঁকে দেখাশোনাও করতে হচ্ছে। তাই পরিবারের কাছে থেকেই আয়-রোজগারের একটা উপায় বের করেছি।’ পাঁচলাইশ এলাকায় নাজমা বেগমও (৩৫) রত্নার মতোই হাল ধরেছেন সংসারের। সাত থেকে আট মাস ধরে পিঠা ও রুটি বানিয়ে বিক্রি করছেন। দুই বছর আগে স্বামীকে হারান তিনি। তখন থেকে বাসাবাড়িতে কাজ করে সংসারটা কোনো মতে টেনে নিচ্ছিলেন তিনি। এখন ভ্যানগাড়ির এই চায়ের দোকানই তাঁর আয়ের উৎস। তবে যা আয় হয়, তার একটা অংশ পুলিশকে দিয়ে দিতে হয় বলে জানান তিনি। নাজমা বলেন, ‘যা লাভ হয় তার অর্ধেকই পুলিশকে দিয়ে দিতে হয়। তবে ভ্যানগাড়িটি আমার স্বামী কিনেছিলেন বলে কোনো মতে সংসারের খরচ তুলে আনতে পারছি।’ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলেন নাজমা। প্রতি মাসে দেড় হাজার টাকা ঘরভাড়া গুনতে হয় তাঁকে। এভাবেই চলছে সন্তানদের নিয়ে তাঁর টিকে থাকার যুদ্ধ। তবে বর্ষায় বিক্রি কমে যায় তাঁর। ঘরের চালের ছিদ্র দিয়ে বৃষ্টির পানি পড়ে। সামনের দিনগুলো কীভাবে কাটবে—সেটাই এখন চিন্তা তাঁর। তবে শরীরে যতক্ষণ শক্তি আছে, নাজমা লড়ে যাবেন। সাহসটাই তো তাঁর সবচেয়ে বড় পুঁজি।