
১.
গত বছর আন্তস্কুল ফুটবলে দু-দুটি পেনাল্টি ফিরিয়ে দলকে জেতানোর পর থেকে সারা স্কুলে আমার কদর অনেক বেড়ে গেছে। সবাই আমাকে কেমন যেন মর্যাদার চোখে দেখছে। কেউ কেউ তো ডাকে, ‘আমাদের গোলকিপার।’ বড় আপাকে সবাই রাগী হিসেবে জানে। অথচ সেই বড় আপাও আমার পড়ার খোঁজ নেওয়ার পাশাপাশি ইদানীং খেলারও খোঁজ নিচ্ছেন। আসছে টুর্নামেন্টে আমার কাছ থেকে আরও ভালো কিছু আশা করেন তিনি।
২.
আমি যে শুধু ফুটবলই খেলি, তা নয়। ক্রিকেটও খেলি এবং আমাদের দলে আমি একজন ওপেনার। তবে ক্রিকেটে সবার সমীহ জাগানোর মতো এখনো কিছু করে দেখাতে পারিনি। তবু ওই যে ফুটবলে দু-দুটি পেনাল্টি ঠেকিয়েছিলাম, সে জন্যই বুঝি আমি ব্যাট হাতে নামলেও আমার খেলা দেখতে অনেকে ভিড় করে।
৩.
শুনেছি খেলোয়াড়েরা নাকি নানা ধরনের সংস্কার মেনে চলে। আমিও তেমনই একটি সংস্কার মানতাম। বড় কোনো টুর্নামেন্ট ছাড়া আমরা সাধারণ ফুল প্যান্ট পরেই ক্রিকেট খেলতাম। আমি সব সময় আমার নীল প্যান্টটা পরতাম। কারণ আমার ক্যারিয়ারের বড় দুটি স্কোর আমি ওই প্যান্ট পরেই করেছিলাম। তাই আমার মধ্যে বিশ্বাস তৈরি হয়েছিল যে এই প্যান্টটা পরলেই কেবল আমি বড় স্কোর করি। এই নীল প্যান্টটা আসলে আমার স্কুল ড্রেস ছিল। ঘটনাক্রমে সেদিন স্কুল ড্রেসের প্যান্ট পরেই মাঠে চলে আসি এবং হাফ সেঞ্চুরি করে ফেলি। সেই থেকে স্কুল ড্রেসের এই প্যান্টটাকে আমি জার্সির মতো ব্যবহার করে আসছি।
৪.
এতক্ষণ শুধু আমি খেলোয়াড়ি পারদর্শিতার কথাই বলে গেলাম। অথচ এই ক্লাস টেনে পড়া অবস্থাতেই যে আমি কলেজের এক বড় আপুর প্রেমে হাবুডুবু খাচ্ছি, তা বলাই হয়নি। এই বড় আপুকে আমি প্রথম দেখেছিলাম মফিজ স্যারের সিঁড়িতে। স্যারের কাছে তিনি অঙ্ক পড়েন। আমি তখনো তাঁর নাম জানি না। নাম জানার পরও মিতা আপুকে ভালো লাগার কথা আমি কাউকেই বলিনি। শুধু তাঁকে বলব বলে মনে সাহস সঞ্চয় করছিলাম।
৫.
দুপুর গড়িয়ে তখন বিকেল হচ্ছে। মিতা আপু মফিজ স্যারের সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছেন। হয়তো অপেক্ষা করছেন বান্ধবীদের জন্য। আমি স্যারের বাসার সামনের পথ দিয়ে মাঠে যাচ্ছি। আজ ইন্টার ফার্স্ট ইয়ারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ আছে। মিতা আপুকে দেখেই আমার মনের ভেতর কেমন একটু নাড়া দিয়ে উঠল। কী মনে হলো জানি না, আমি তাঁর সামনে গিয়ে দাঁড়ালাম। কিন্তু মুখ থেকে আমার কোনো কথা বেরোল না। মিতা আপুই কথা শুরু করলেন, ‘কী, খেলতে যাচ্ছ? তুমি অনেক ভালো খেলো শুনেছি। আচ্ছা, পড়াশোনা করছ তো ঠিকমতো। সামনে তো তোমাদের পরীক্ষা।’ মিতা আপু দম নেন।
আমি মাথা নাড়ি। তবু মুখে কিছু বলি না। আসলে কী বলা উচিত, বুঝতে পারি না।
‘আপু দোয়া করবেন, আজ যেন বড় স্কোর করতে পারি’—এই বলে আমি চলে যাচ্ছি। এমন সময় আবার পিছু ডাকলেন আমার মিতা, মানে মিতা আপু। বললেন, ‘আচ্ছা, তুমি এত খ্যাত কেন? একটা প্যান্টই কেউ বারবার পরে?’
মিতা আপুর এই কথায় আমার মন ভেঙে যায়। এত দিন মেনে আসা সংস্কারকেই আমার শত্রু বলে মনে হয়। বিষণ্ন মন নিয়ে আমি মাঠে যাই।
অবাক ব্যাপার, সেদিন আমি ফিফটি করেছিলাম।
কেমিকৌশল বিভাগ, এআইটিভিইটি, ঢাকা