‘এ রাস্তাটি নিয়ে যত মাথাব্যথা এলাকাবাসীর—নিজেদের উদ্যোগেই সংস্কার করে। কালভার্টটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। সেটিও সংস্কার করা হচ্ছে না। এখন কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া দরকার। যোগাযোগ বিচ্ছিন্ন হলেও অন্তত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাব।’ ক্ষোভের সঙ্গে এ কথাগুলো বললেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি গ্রামের ভাগ্য চাকমা (৪৫)। শুধু ভাগ্য চাকমা নন, বাঘাইছড়ি সদর-বটতলা সড়ক নিয়ে ক্ষোভ এলাকার অধিকাংশ মানুষের।স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ তিন ইউনিয়নের অর্ধলক্ষ মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের বিভিন্ন অংশে এখন বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদের সামনে একটি কালভার্ট একেবারে ভেঙে গেছে। এ ছাড়া বাবুপাড়ায় একটি সেতু ও বাঘাইছড়ি গ্রামের একটি কালভার্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড উপজেলা সদর থেকে বটতলা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটারের সড়কটি নির্মাণ করে ১৯৯০ সালে। প্রথমে কাঁচা থাকলেও পাঁচ বছর পর ১৯৯৫ সালে ইট বিছানো হয়। এর পরে আর সংস্কার করা হয়নি। এদিকে বিকল্প সদর-উগলছড়ি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে এক মাস ধরে। আরেকটি সড়ক নারিকেল বাগান-উগলছড়ি সড়ক উন্নয়নকাজ চলার কারণে বন্ধ রয়েছে এক বছরের বেশি। ফলে চলাচলের একমাত্র সড়কটিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, মধ্যম বাঘাইছড়ি, সেগুনবাগান, আর্য্যপুর, উগলছড়ি ও লাম্বাছড়া এলাকার অবস্থা বেশি খারাপ। ইট উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাঘাইছড়ি জিপ সমিতির সভাপতি প্রভাত কুমার চাকমা প্রথম আলোকে বলেন, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। ফলে বিভিন্ন অংশে ইট উঠে গিয়ে ভাঙন সৃষ্টি হয়েছে। জিপ সমিতি ও এলাকাবাসী মিলে প্রতিবছর গর্ত ও কালভার্ট মেরামত করলেও কিছুদিন পর আবার ভেঙে যায়। উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, ‘উপজেলার এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চরম ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছে। আমি সড়কটি দ্রুত পাকাকরণের জন্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানিয়েছি।’দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী বিনোদ কুমার চাকমা বলেন, ‘সড়কটি দুই দশক আগে নির্মাণ করেছে উন্নয়ন বোর্ড। তারপর কোনো খোঁজ রাখেনি। এখন এলজিইডি থেকে পাকাকরণের জন্য আবেদন পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে দরপত্রের মাধ্যমে কাজ করা হবে।’