
দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাঙামাটির ঘাগড়া-কাউখালী সড়ক ক্ষতবিক্ষত হয়ে পড়েছে। গর্তে ভরা সড়কে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা।
ঘাগড়া ইউনিয়নের বাসিন্দাদের কাউখালী সদর, রাঙামাটি ও চট্টগ্রামে যাতায়াতে প্রথমে এই সড়ক পাড়ি দিতে হয়। সড়কটিতে চলাচল করে যাত্রীবাহী বাস, জিপ, অটোরিকশা ও মালবোঝাই ট্রাক।
সরেজমিনে দেখা গেছে, সড়কের চেলাছড়া, ঝুনুমা ছড়া, নয়াপাড়া, লেবাপাড়া, বাদলছড়ি, কজইছড়ি, ঘিলাছড়ি ও যৌথ খামার এলাকায় পিচঢালাই নেই। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তের ওপর দিয়ে গাড়ি চলছে হেলেদুলে।
ঝুনুমা ছড়ার বাসিন্দা অজিত লাল চাকমা ও চেলাছড়ার মধুমিতা চাকমা বলেন, ‘আমাদের রাঙামাটি-চট্টগ্রাম ও কাউখালী সদরে যাওয়া একমাত্র সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যাত্রী ও পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। এ ছাড়া উপজেলা সদর বাজার সপ্তাহে দুটি দিন সোম ও বৃহস্পতিবার এবং ঘাগড়া বাজারে বুধ ও শনিবার হাট বসে। সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় কৃষকেরা বাজারে উৎপাদিত পণ্য বাজারজাত করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে।’
জিপ–চালক মো. আতাউর রহমান বলেন, ঘাগড়া-কাউখালী সদর সড়কটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পিচঢালাই উঠে গেছে পুরো সড়কে। ভাঙা সড়কের কারণে গাড়ি চলাচল কমে গেছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাউখালী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ঘাগড়া বাজার-কাউখালী উপজেলা সদর পর্যন্ত নয় কিলোমিটার সড়ক পিচঢালাই করা হয়। এর মধ্যে ২০১৪ সালে শুধু নয়াপাড়া ও কজইছড়ি এলাকায় একাংশে ৫০০ মিটার সংস্কার করা হয়েছে। বাকি সড়কে আর হাত পড়েনি।
ঘাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জগদীশ চাকমা বলেন, ঘাগড়া-কাউখালী সদর সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইউপি থেকে সড়ক সংস্কারের জন্য একাধিকবার এলজিইডিকে অনুরোধ করা হলে কোনো কাজ হয়নি। শুষ্ক মৌসুমে কোনো রকমে যান চলাচল করলেও বর্ষায় প্রায় সময় বন্ধ থাকে।
এ ব্যাপারে এলজিইডির কাউখালী উপজেলা প্রকৌশলী রনি সাহা বলেন, ‘বরাদ্দ না থাকায় আমরা পুরো সড়ক সংস্কার করতে পারিনি। দুই বছর আগে মাত্র ৫০০ মিটার সংস্কার করা হয়েছে। এখন আড়াই কিলোমিটার সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। অতিদ্রুত তা বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে পুরো নয় কিলোমিটার সড়কই সংস্কার করা হবে।’