সংস্কার নেই, চলাচলে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি পৌরসভার নিউজিল্যান্ড সড়কের পিচঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি গত ২৬ আগস্ট খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো
খাগড়াছড়ি পৌরসভার নিউজিল্যান্ড সড়কের পিচঢালাই উঠে গিয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি গত ২৬ আগস্ট খাগড়াছড়ি শহরের নিউজিল্যান্ড এলাকা থেকে তোলা l প্রথম আলো

সড়কের চারদিকে গর্ত আর গর্ত। মাঝেমধ্যে ভাঙা কিছু অংশ জানান দিচ্ছে পিচঢালাইয়ের অস্তিত্ব। কিছু স্থানে ইট-সুরকি সরে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। এমন বেহাল হওয়ার পরও পৌর কর্তৃপক্ষের নজর পড়ছে না এই সড়কে। চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন। এ চিত্র খাগড়াছড়ি পৌরসভার ‘নিউজিল্যান্ড’ সড়কের।
সরেজমিনে দেখা গেছে, তিন কিলোমিটারের সড়কটি দিয়ে রিকশা, অটোরিকশা ও জিপ চলাচল করছে। সব গাড়িই চলছে হেলেদুলে। আর সমানে উড়ছে ধুলাবালু। যাত্রীরা নাকে কাপড় গুঁজে চলাচল করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, পানখাইয়াপাড়া ওয়ার্ডের আওতাধীন এই সড়ক দিয়ে কমলছড়ি, হেডম্যানপাড়া, ভুয়াছড়ি ও মাইশছড়ি এলাকার লোকজন যাতায়াত করেন। দুই পাশে খোলা মাঠ হওয়ার কারণে একসময় বিকেল হলেই এখানে শহরের লোকজন বেড়াতে আসতেন। কিন্তু বর্তমানে ভাঙা সড়কের কারণে লোকজনের আসা কমে গেছে।
পানখাইয়াপাড়ার বাসিন্দা ও পিঠা বিক্রেতা উক্রাচিং মারমা বলেন, ‘সড়কটি ভালো থাকার সময় বিকেলে পিঠা বিক্রি করে প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা আয় করতে পারতাম। বর্তমানে ২০০-৩০০ টাকা বিক্রি হয়।’
স্থানীয় কৃষক লাব্রেচাই মারমা বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ার ফলে এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য পাশের মধুপুর বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। বিকল্প রাস্তায় বড় বাজারে নিয়ে গেলে ব্যয় বেড়ে যায়।
হেডম্যানপাড়ার বাসিন্দা রূপায়ণ চাকমা বলেন, ‘এই রাস্তা দিয়ে বাচ্চাকে বিদ্যালয়ে নিয়ে আসতে সহজ। কিন্তু রাস্তা ভাঙার কারণে সকালবেলা অটোরিকশা আসে না, তখন বাধ্য হয়ে বিকল্প রাস্তায় তিন কিলোমিটার ঘুরে বিদ্যালয়ে আসতে হয়।’
পানখাইয়াপাড়া ওয়ার্ডের কাউন্সিলর মং রে মারমা বলেন, ‘১৩ বছর ধরে ভাঙন দেখা যাচ্ছে। কিন্তু মেরামত হচ্ছে না। সড়কটি সংস্কারের জন্য পৌরসভায় কয়েকবার উত্থাপন করেছি। কিন্তু এখনো আগের অবস্থায় আছে।’
জানতে চাইলে পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ‘বিশাল এ পৌরসভার বিভিন্ন সড়কে সমস্যা। নিউজিল্যান্ড সড়কটিও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে রয়েছেন। পরিকল্পনামাফিক আমরা প্রকল্প হাতে নিয়েছি। খুব শিগগির সড়কটি সংস্কার করা হবে।’