সংস্কার নেই দীর্ঘদিন, বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতবিক্ষত আনোয়ারার রাজছিলা ফকির মাজার সড়ক l প্রথম আলো
ক্ষতবিক্ষত আনোয়ারার রাজছিলা ফকির মাজার সড়ক l প্রথম আলো

আনোয়ারার উত্তর গুয়াপঞ্চক এলাকার রাজছিলা ফকির মাজার সড়কের অবস্থা এখন বেহাল। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।
সরেজমিনে দেখা গেছে, চাতরী চৌমুহনী বাজারের উত্তরে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক থেকে হজরত রাজছিলা ফকিরের মাজারের পাশ দিয়ে যাওয়া দুই কিলোমিটারের রাজছিলা সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। গাড়ি চলাচল তো দূরের কথা, হাঁটাও কষ্টকর হয়ে পড়ছে।
স্থানীয় লোকজন জানান, সড়কটি দিয়ে প্রতিদিন গুয়াপঞ্চক গ্রামের মানুষ ছাড়াও উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গুয়াপঞ্চক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। প্রতিনিয়ত দুর্ভোগ সয়ে তাদের চলাচল করতে হচ্ছে।
গুয়াপঞ্চক গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আলী হাসান বলেন, সড়কের বেহাল অবস্থার কারণে অটোরিকশা ও রিকশা আসতে চায় না। এলেও ভাড় হাঁকে বেশি।
সড়কে নিয়মিত চলাচলকারী রিকশাচালক আলী আহমদ বলেন, খানাখন্দে ভরা সড়কে রিকশা চলাচলে সমস্যা হচ্ছে। এ জন্য গাড়ি চালানোও কমিয়ে দিয়েছি। প্রায় সময় গর্তে পড়ে গাড়ির ক্ষতি হচ্ছে।

ইউনিয়ন পরিষদ সদস্য দেলোয়ার হোসেন জানান, সড়কটি সর্বশেষ সংস্কার করা হয় পাঁচ বছর আগে। এরপর দিন দিন নাজুক হয়ে পড়লেও কোনো ধরনের সংস্কার করা হয়নি। এখন দুর্ভোগ বেড়েছে। দ্রুত সংস্কার না করলে সামনের বর্ষায় চলাচলে কষ্ট আরও বাড়বে। এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা উপজেলা ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, খোঁজ নিয়ে সড়কটি সংস্কারের কাজ করা হবে। তিনি জানান, উপজেলায় স্থানীয় সরকার বিভাগের কয়েকটি সড়কে সংস্কারকাজ হচ্ছে, তবে ওই তালিকায় এ সড়কটি নেই।