সংস্কার নেই দীর্ঘদিন, বেহাল সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খবংপুড়িয়া সড়কে সর্বশেষ পিচঢালাই হয় দুই দশকেরও বেশি সময় আগে। দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় স্বনির্ভর বাজার থেকে বাঙালকাটি যাত্রী ছাউনি পর্যন্ত পৌনে দুই কিলোমিটার দীর্ঘ এই সড়কের নানা অংশে অসংখ্য ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। এ জন্য চলাচলে দুর্ভোগ বেড়েছে নাগরিকদের।
২১ মার্চ সরেজমিনে দেখা গেছে, কার্পেটিং উঠে গিয়ে পৌনে দুই কিলোমিটার সড়কে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। সড়কের কোথাও কোথাও পিচ ঢালাইয়ের কোনো চিহ্ন। ছোট-বড় গর্তে জমে আছে বৃষ্টির পানি।
খবংপুড়িয়া এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রায় পাঁচ হাজার লোকের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন পৌরবাসী ছাড়াও পেড়াছড়া ইউনিয়নের পাঁচটি গ্রামের শত শত মানুষ যাতায়াত করে থাকে। পৌরসভা আওতায় উত্তর, দক্ষিণ ও মধ্যম খবংপুড়িয়ার বাসিন্দারা এই সড়ক দিয়ে যাতায়াত করেন। এলাকাবাসী বিভিন্ন সময় দাবি জানালেও সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।
খবংপুড়িয়ার বাসিন্দা তাপস ত্রিপুরা ও শিক্ষিকা বিজয়া খিসা বলেন, ভাঙা সড়ক দিয়ে যানবাহন চলতে চায় না। অটোরিকশা বা রিকশার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যা হয়।
ভাড়ায় চালিত অটোরিকশার চালক সমীরণ চাকমা ও মোহাম্মদ রহিম বলেন, ‘সড়ক ভাঙা হওয়ার কারণে এই রাস্তা দিয়ে গাড়ি চালালে বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। তখন ভাড়ার সব টাকা চলে যায় গাড়ি মেরামতে। এই কারণে এই রাস্তা দিয়ে সহজে গাড়ি চালাই না। গাড়ি চালালেও যাত্রীদের থেকে বাড়তি টাকা নিতে হয়।’
স্থানীয় কৃষক হিরনজয় ত্রিপুরা বলেন, ‘এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের কষ্টের সীমা থাকে না। আমাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নেওয়া সম্ভব হয় না সময়মতো গাড়ি না পাওয়ার কারণে।’
খাগড়াছড়ির পৌর মেয়র রফিকুল আলম জানান, সড়কের সমস্যাটি দীর্ঘদিনের, তবে শিগগিরই এই সড়কসহ খবংপুড়িয়ার অন্যান্য ছোট সড়ক সংস্কার করা হবে।