সংস্কার নেই দুই যুগ, গাড়ি চলাচল বন্ধ এক বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতবিক্ষত কধুরখীল ডিসি সড়ক  l প্রথম আলো
ক্ষতবিক্ষত কধুরখীল ডিসি সড়ক l প্রথম আলো

সড়কজুড়ে গর্ত আর গর্ত। এসব গর্তে পানি জমে একাকার। কিছু স্থানে পিচঢালাই, ইট উঠে গিয়ে সড়কের অস্তিত্বই নেই। সড়ক বেহাল হয়ে পড়ায় এক বছর ধরে বন্ধ বয়েছে যানবাহন চলাচল। এই চিত্র বোয়ালখালী উপজেলার কধুরখীল ডিসি সড়কের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বোয়ালখালী উপজেলা কার্যালয় সূত্র জানায়, সড়কটি সর্বশেষ সংস্কার করা হয় ১৯৯০ সালের দিকে। এরপর আর সংস্কার হয়নি। দুই যুগ ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, কধুরখীল খোকার দোকান থেকে চৌধুরী হাট পর্যন্ত প্রায় চার কিলোমিটারের সড়কটিতে এখন যানবাহন চলাচল বন্ধ। কধুরখীল, চরণদ্বীপ, পোপাদিয়া ও পূর্বগোদণ্ডী ইউনিয়নের লোকজনের লক্ষাধিক মানুষের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান সড়ক এটি। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চলাচল করে এই সড়ক দিয়ে। একসময় চলাচল করত অটোরিকশা, টেম্পো ও রিকশা। এখন হেঁটেই চলাচল করতে হয়। এ কারণে বৃষ্টির সময় কাদাপানি ও শুষ্ক মৌসুমে ধুলাবালুর অত্যাচারে পথ চলতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানি জমে সড়কের কিছু অংশ জলাশয়ের আকার ধারণ করেছে। কাদাপানিতে একাকার সড়কে হাঁটাও দায় হয়ে পড়েছে।
কধুরখীল এলাকার বাসিন্দা রাজু দে বলেন, ‘কধুরখীল ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন হচ্ছে না প্রায় ১৫ বছর। তাই উন্নয়নও চলছে ধীরগতিতে। প্রায় ২৫ বছর ধরে এই সড়কে কষ্ট করে চলাচল করলেও কেউ আমাদের কথা ভাবছে না।’
কধুরখীল ইউনিয়নের লালারদীঘির পাড় এলাকার ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, ‘সড়কটির পুরোটা সংস্কার করতে হবে। এ জন্য বড় অঙ্কের বরাদ্দ দরকার। এত বড় বরাদ্দ ইউপিতে আসে না। দীর্ঘদিন সড়ক সংস্কার না হওয়ায় গত বছর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক সংস্কারের দাবিতে আমরা বেশ কয়েকবার মানববন্ধনও করেছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’
এ ব্যাপারে জানতে এলজিইডির উপজেলা প্রকৌশলী সুজিত কা‌িন্ত মজুমদার বলেন, সম্প্রতি ডিসি সড়ক সংস্কারে অর্ধকোটি টাকার বরাদ্দ পাওয়া গেলেও তা দিয়ে পুরো সড়ক সংস্কার করা সম্ভব নয়। তাই গত ৩১ জুলাই ১ কোটি ৯ লাখ টাকার পুনরায় প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এ প্রকল্পটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পেলে দরপত্র–প্রক্রিয়া শুরু হবে।