
কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মূল সড়কটি পিচঢালাই করা হয় ২০১১ সালে। এরপর আর সংস্কার হয়নি। ফলে দিনে দিনে বেহাল হয়ে পড়েছে সড়ক। চলাচলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয় লোকজন।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ-বাহারছড়া সংযোগ সড়কের তিন রাস্তার মাথা থেকে ফজল আহমদের বাড়ি–সংলগ্ন সেতু পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের সড়কটি পুরোটা খানাখন্দে ভরা। পিচঢালাই ও ইটের খোয়া উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। গাড়ি চলছে হেলেদুলে।
স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম), রিকশা, অটোরিকশা, জিপ ও ট্রাক চলাচল করে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্র জানায়, ২০১১ সালের শেষের দিকে প্রায় ৮৪ লাখ টাকা ব্যয়ে সড়কটি পিচঢালাই করা হয়। এরপর সড়কে আর সংস্কারকাজ করা হয়নি। ২০১৫ সালের শেষের দিকে ভারী বর্ষণেও সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যায়।
এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নবাসীর চলাচলের পাশাপাশি উপজেলা সদরের ব্যস্ততম এ সড়কটির বেহাল অবস্থা প্রশাসন ও জনপ্রতিনিধি কারও নজরে আসছে না। সদর ইউনিয়নের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র তুলাতলি হাটেও যেতে হয় এই সড়ক হয়ে। প্রতিদিনের বাজার ছাড়াও রোব ও বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিন কক্সবাজার, চকরিয়া, সাতকানিয়া, পটিয়া, দোহাজারী, চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা আসেন। এখান থেকে মাছ, সুপারি ও পান কিনে নিয়ে যাওয়ার সময় তাঁরা দুর্ভোগে পড়েন।
জিপের চালক আবদুল হক বলেন, এ রাস্তায় গাড়ি চালাতে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। ঝাঁকুনির কারণে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন।
তুলাতলি বাজারের ব্যবসায়ী নবী হোসেন বলেন, উপজেলার ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র তুলাতলি বাজার। এখানে আসতে ক্রেতাদের যে ভোগান্তি পোহাতে হয়, সেটা খুবই অমানবিক।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান বলেন, স্থানীয় সাংসদ ও এলিজইডির কর্মকর্তাদের বিশেষ বরাদ্দ দিয়ে মেরামত কাজ করার জন্য অনুরোধ করা হয়েছে। সড়ক বেহাল হওয়ায় ইউনিয়নসহ আশপাশের হাটবাজারে আসা মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানতে চাইলে এলজিইডির টেকনাফ উপজেলা প্রকৌশলী আবসার উদ্দিন বলেন, সড়কটি সংস্কারের জন্য একটি প্রকল্প পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দরপত্র আহ্বান করে কাজ শুরু হবে।