সংস্কার নেই ১৬ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে সাতকানিয়ার ফুলতলা-মধ্যম কাঞ্চনা সড়ক l প্রথম আলো
সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে সাতকানিয়ার ফুলতলা-মধ্যম কাঞ্চনা সড়ক l প্রথম আলো

সড়কের পিচঢালাই উঠে গেছে অনেক আগে। কিছু দূর অন্তর ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে কাদাপানিতে একাকার হয়ে যায়। শুষ্ক মৌসুমে সহ্য করতে হয় ধুলাবালুর অত্যাচার। এই চিত্র সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা-মধ্যম কাঞ্চনা সড়কের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাতকানিয়া উপজেলা কার্যালয় সূত্র জানায়, প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কটি সর্বশেষ সংস্কার করা হয়েছিল ২০০০ সালের দিকে। এই ১৬ বছরের মধ্যে সড়কটিতে আর কোনো সংস্কারকাজ হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার চরতি, আমিলাইষ ও কাঞ্চনা ইউনিয়নের প্রায় অর্ধলক্ষাধিক মানুষের উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াতের মাধ্যম এই সড়ক। এ ছাড়া একটি কলেজ, তিনটি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি আলিম মাদ্রাসার শিক্ষার্থীরাও চলাচল করে এই সড়ক দিয়ে। চলাচল করে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রিকশা।
১৫ নভেম্বর সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে ইট ও খোয়া বেরিয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্য দিয়ে গাড়ি চলছে হেলেদুলে।
লতাপীর বাজার এলাকার বাসিন্দা আবুল খাইর (৩২) বলেন, এলাকার আগের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে পলাতক থাকায় ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড থমকে ছিল। বর্তমান চেয়ারম্যান চেষ্টা করলে সড়কটি দ্রুত সংস্কার করা সম্ভব হবে বলে আশা করছি।
মধ্যম কাঞ্চনা এলাকার কৃষক মইনুল ইসলাম (৪৮) বলেন, কাঞ্চনা ইউনিয়নের বাসিন্দাদের বেশির ভাগ কৃষক। এই সড়ক হয়ে তাঁদের উৎপাদিত ফসল বিভিন্ন হাটবাজারে নিতে হয়। সড়কটি বেহাল হয়ে পড়ায় কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য হাটবাজারে নিয়ে যেতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মনোয়ার হোসেন (৩৫) বলেন, সড়কটি দিয়ে এখন গাড়ি চালাতে ইচ্ছে করে না। প্রায় সময় গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়। তা ছাড়া ২০ মিনিটের এ পথ যেতে ৩০ থেকে ৪৫ মিনিট লেগে যায়।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান রমজান আলী বলেন, গত ১০ বছর ধরে কাঞ্চনা ইউনিয়নে তেমন কোনো উন্নয়নকাজ হয়নি। সড়কটির ব্যাপারে স্থানীয় সাংসদ ও উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আগামী অর্থ বছরে এটি সংস্কারের ব্যাপারে চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন বলেন, আগামী অর্থ বছরে সড়কটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে আবেদন করা হবে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।