সংস্কারে তাড়া নেই কিউবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই-তিন বছরে কমিউনিস্ট কিউবা এমন কিছু অর্থনৈতিক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, যা একসময় ছিল কল্পনারও অতীত। তবে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতির এই সংস্কারকাজ চলছে তুলনামূলকভাবে ধীরগতিতে। প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বলেছেন, সংস্কার নিয়ে তাড়াহুড়োর কিছু নেই। ভুলত্রুটি এড়িয়ে ধীরেসুস্থে এ কাজ এগিয়ে নিতে চান তিনি।কিউবার ‘নজিরবিহীন’ সাম্প্রতিক সংস্কারের মধ্যে রয়েছে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নাগরিকেরা কিছুদিন ধরে রেস্তোরাঁ, ঘড়ি সারাইয়ের দোকান বা বিউটি পারলারের মতো ব্যবসা খুলতে পারছেন। দেশটিতে এখন তিন লাখ ৫৭ হাজারের বেশি মানুষের ব্যবসা করার লাইসেন্স আছে। ব্যবসার লাইসেন্সধারী এসব মানুষের মাসিক আয় স্বভাবতই অন্যদের চেয়ে বেশি। কিউবায় সরকারি কর্মচারীর গড় মাসিক বেতন মাত্র ২০ ডলার।রাষ্ট্রীয় ব্যয় কমানোর লক্ষ্যে কিউবা সরকার ব্যক্তিগত মালিকানায় ব্যবসার অনুমতি দিয়েছে। ২০১৫ সালের মধ্যে দেশের মোট জনশক্তির ৪০ শতাংশ বেসরকারি খাতে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাঁরা বেসরকারি খাতে কাজের সুযোগ পাবেন, তাদের প্রথমবারের মতো কর দিতে হবে। ২০১০ সালের সেপ্টেম্বরে প্রথম ঘোষণা করা হয়, ১০ লাখ সরকারি কর্মচারীকে ছাঁটাই করা হবে। ওই সময় দেশের কর্মীদের প্রায় ৮৫ শতাংশই সরকারি চাকরি করত। তবে প্রথমে যতটা ধারণা করা হয়েছে, ছাঁটাইয়ের গতি তত দ্রুত হয়নি।অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সম্পত্তি বেচাকেনার অনুমতি। গত বছরের এপ্রিলে কমিউনিস্ট পার্টির কংগ্রেসে এটিসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়। কিউবার কমিউনিস্ট পার্টির কংগ্রেস তুলনামূলকভাবে বিরল ব্যাপার। ২০১১ সালের কংগ্রেস ছিল ১৪ বছরের মধ্যে দলের প্রথম সম্মেলন। ওই কংগ্রেসকে প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো বর্ণনা করেছেন ‘নির্ধারণকারী ঘটনা’ হিসেবে। কারণ, এপ্রিলে কংগ্রেসেই কিউবার অর্থনীতির এসব যুগান্তকারী পরিবর্তন অনুমোদিত হয়। একে কিউবার মানুষ বলছে ‘হালনাগাদ’ বা ‘আধুনিকীকরণ’। বলা হচ্ছে, সমাজতান্ত্রিক বিপ্লবের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এগুলো খুব জরুরি।১৯৬২ সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর থেকে যে রেশনব্যবস্থার মাধ্যমে কিউবার মানুষ ন্যূনতম দামে বিভিন্ন নিত্যপণ্য পেত, তা পর্যায়ক্রমে তুলে দেওয়া হবে।মূলত ২০০৮ সালে রাউল কাস্ত্রো বড় ভাই কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর কাছ থেকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে দেশটি ধীরে ধীরে সংস্কারের পথে হাঁটছে। কোনো কোনো পর্যবেক্ষকের মতে, সংস্কারমুখী হওয়ার প্রধান কারণ হচ্ছে দেশটি আর সাবেকি ব্যবস্থা চালিয়ে যেতে পারছে না। বিপ্লবকে বরাবরই বাইরে থেকে সহায়তা করা হয়েছে। মূলত সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আসা সেই সহায়তার প্রবাহ বন্ধ হয়ে গেছে। কিউবার কাছে আজকের রাশিয়া এখনো দুই হাজার কোটি ডলার পায়।১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর তখনকার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো কৃচ্ছ্রসাধনের ঘোষণা দেন এবং রেস্তোরাঁ ও কৃষিখামারের মতো কিছু বেসরকারি ব্যবসা সম্প্রসারণের অনুমতি দেন। তবে পরবর্তী সময়ে চীন ও ভেনেজুয়েলা সাহায্য করতে এগিয়ে গেলে আবার রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ চেপে বসে কিউবার ওপর। কিউবা এখন এ দুই দেশের কাছেই ধরা এবং চীন এখন ফিদেলের ভাই রাউলকে তাদের মতো করে অর্থনৈতিক সংস্কারের পথ ধরার জন্য চাপ দিচ্ছে।রাউল কাস্ত্রো বলেছেন, সংস্কার-প্রক্রিয়ায় তাড়াহুড়ো করা হচ্ছে না। এর কারণ তাঁরা নতুন কোনো ভুল করতে চান না। প্রেসিডেন্ট বলেন, ‘প্রত্যেকটি আইনগত পরিবর্তনের জন্য কয়েক শত ঘণ্টা চিন্তার প্রয়োজন রয়েছে।’সংস্কার-প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে রাউল কাস্ত্রো বলেন, ‘এর জন্য কত সময় লাগবে, তা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। কিন্তু অল্প অল্প করে তা বাস্তবায়িত হচ্ছে।’ইমাম হোসেন