সংস্কারের এক বছরেই খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে সংস্কার করা হয় সাতকানিয়া উপজেলা পরিষদ গেট থেকে থানার মোড় পর্যন্ত প্রায় ৬০০ মিটার অংশের। কিন্তু বছর না ঘুরতেই আবার খানাখন্দে ভরে গেছে সড়ক।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই ওঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে জমে আছে বৃষ্টির পানি। এর ফলে কাদাপানিতে একাকার হয়ে গেছে সড়ক। গাড়ি চলাচলের সময় কাদাপানি ছিটকে পড়ছে পথচারীদের পোশাকে।
সড়কটির পাশের কানুপুকুর পাড়ের ব্যবসায়ী নুরুল আবছার (৪৫) বলেন, সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সড়ক কিছুদিন পরই ভাঙা শুরু হয়। বেহাল অবস্থা দেখে কেউ বলবে না সড়কটি গত বছরই সংস্কার করা হয়েছিল। এখন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রতিদিন চলাচলকারী রিকশাচালক মোহাম্মদ নুরুল আমিন (৩৮) বলেন, ‘খানাখন্দের মধ্য দিয়ে প্রতিদিন গাড়ি চালাতে গিয়ে শরীরের অবস্থা কাহিল হয়ে যায়।’
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দিয়ে প্রতিদিন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা যাতায়াত করেন। সড়কের পাশে রয়েছে সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়, উপজেলা পরিষদ হল, উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়, সাতকানিয়া সদরের একমাত্র খেলার মাঠসহ কয়েকটি কিন্ডারগার্টেন স্কুল, মাদ্রাসা ও এতিমখানা।
সাতকানিয়া পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ সড়কের প্রায় ৬০০ মিটার এলাকার সংস্কারকাজ গত বছরের এপ্রিলের শেষ দিকে শুরু হয়ে জুন মাসে শেষ হয়। সড়কটির ওই অংশ সংস্কারে পৌরসভা কর্তৃপক্ষের প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে।
এ প্রসঙ্গে পৌরসভার উপসহকারী প্রকৌশলী বিশ্বজিৎ দাশ বলেন, ওই সময় সংস্কারকাজ দরপত্র মোতাবেক সম্পন্ন হয়েছে। গত বছর বন্যার সময় সড়কের কিছু কিছু স্থান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সড়কের পাশে নালা না থাকায় চলতি বছর বৃষ্টির পানি জমে সড়কে কয়েকটি জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, ‘গত বছরের সংস্কারকাজের ব্যাপারে আমি কিছু বলব না। তবে সড়কটির সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা তৈরি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে বরাদ্দ পাওয়া যাবে। বরাদ্দ পাওয়ার পরপরই দরপত্র আহ্বানের মাধ্যমে সড়কটির সংস্কারকাজ শুরু করা হবে।’