সংস্কারের এক মাস পর ধসে পড়েছে সড়কের রক্ষা দেয়াল
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী-জামতলী সড়কটিকে পার্শ্ববর্তী ছড়ার ভাঙন থেকে রক্ষায় নির্মাণ করা হয়েছিল প্রতিরক্ষা দেয়াল। কিন্তু নির্মাণের এক মাসের মধ্যেই ধসে পড়েছে দেয়ালটি। বর্তমানে ছড়ার ভাঙন বিপজ্জনক হয়ে উঠেছে। যেকোনো সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বোয়ালখালী-জামতলী সড়কে প্রতিদিন পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী জিপ ও অন্যান্য যানবাহন চলাচল করে। সড়ক দিয়ে প্রতিদিন দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শ স্থানীয় অধিবাসী যাতায়াত করেন।অনুসন্ধানে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৯-১০ অর্থবছরে এই সড়ক রক্ষায় একটি প্রকল্প গ্রহণ করে। ২০১০ সালের ৮ নভেম্বর এ প্রকল্পে চার লাখ ৩৩ হাজার ৮০৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ পায় এস অনন্ত নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজ শেষ হয় ২০১০ সালের ৩০ ডিসেম্বর। কিন্তু এ বছরের জানুয়ারি মাসে সড়কের প্রতিরক্ষা দেয়ালের একাংশ ধসে পড়ে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে দেয়ালটি পুরোপুরি ধসে পড়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য দীল মোহাম্মদ জানান, ‘বোয়ালখালী-জামতলী সড়কটি খুবই গুরত্বপূর্ণ। নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করায় প্রতিরক্ষা দেয়াল ধসে গেছে। এ ব্যাপারে এলজিইডি বরাবর একটি অভিযোগ দেওয়া হয়েছে।’সাবেক ইউপি সদস্য মো. ইসলাম বলেন, ‘বন্যার সময় সড়কটি ছাড়া এলাকাবাসীর চলাচলের আর কোনো রাস্তা থাকে না। আর এ সড়ক দিয়ে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয় ও একটি মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করেন। এ ছাড়া বোয়ালখালী পুরাতন বাজারের বিভিন্ন চালকল থেকে চাল পরিবহনকারী গাড়িগুলো এ পথে যাতায়াত করে।’ প্রকল্পের কাজের তদারকি কর্মকর্তা (এসও) উপসহকারী প্রকৌশলী নজির আহাম্মদ এ বিষয়ে কিছু বলতে রাজি হননি।প্রকল্পের ঠিকাদার মো. স্বপন প্রকল্পের নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান, ‘কাজ শুরুর সময় এলজিইডি কর্তৃপক্ষকে আমি বারবার বলেছিলাম এভাবে কাজটি করলে স্থায়িত্ব পাবে না। এলজিইডির কথামতো কাজ করে আমার আরও ৫২ হাজার টাকা লোকসান হয়েছে।’এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ঠিকাদারের কথায় আর কাজ করা যাবে না। ঠিকাদারের জামানত এখনো দেওয়া হয়নি। বর্ষা শেষ হলে ঠিকাদারকে দিয়ে আবার কাজটি বাস্তবায়ন করানো হবে।’