
মাত্র এক যুগ আগে সংস্কার করা হলেও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে লোহার বিম বেরিয়ে এসেছে। বৃষ্টি এলে ছাদ চুইয়ে পানি পড়ে। এ অবস্থায় চলছে বিদ্যালয়ের কার্যক্রম। ভবন ধসে পড়ার ভয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ১৯৯৪ সালে স্থাপিত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৯৯৮-৯৯ অর্থবছরে ছয় লাখ চার হাজার ৭৫৭ টাকা ব্যয়ে বিদ্যালয় ভবনটি পুনর্নির্মাণ করে। কিন্তু এক যুগ পার না হতেই ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
২৫ জুন উপজেলার দুর্গম কড়ইতলীতে অবস্থিত বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চারজন শিক্ষকের মধ্যে মাত্র দুজন উপস্থিত আছেন। প্রধান শিক্ষকসহ অপর এক সহকারী শিক্ষক নির্বাচনী ভোটার তালিকা হালনাগাদের কাজে গেছেন। দুজন শিক্ষক তিনটি জরাজীর্ণ কক্ষে ৩৩ জন শিক্ষার্থীকে পাঠদান করছিলেন।
এ সময় শিক্ষক জয়া চাকমা ও বিমল কান্তি চাকমা জানান, ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। গত বছর শতাধিক শিক্ষার্থী ছিল। এ বছর কমে দাঁড়িয়েছে মাত্র ৫৮ জনে। অভিভাবকেরা দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যালয়ে পাঠাতে চান না শিশুদের। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। ছাদ থেকে পলেস্তারার টুকরো খসে পড়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুনীল কান্তি চাকমা, কাজলী চাকমা, সুবিকা চাকমা ও চতুর্থ শ্রেণির জোনেল চাকমা বলে, আমাদের বিদ্যালয়ে ঢুকতে ভয় লাগে। বৃষ্টি হলে ভিজে যাই। ছাদ থেকে পলেস্তারার আস্তর খসে পড়ে। অনেকে অন্য বিদ্যালয়ে ছেড়ে চলে গেছে।
কড়ইতলী গ্রামের অভিভাবক তুষার কান্তি চাকমা ও চম্পা রানি চাকমা বলেন, সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আতঙ্কে থাকি। সাভারে ভবনধসের পর ভয়টা আরও বেড়ে গেছে। আকাশ মেঘলা করলে ছেলে-মেয়েদের বিদ্যালয় থেকে নিয়ে আসি। অথচ বিদ্যলয়টি নির্মাণ করা হয়েছে মাত্র ১০-১২ বছর হয়। এত অল্প সময়ে একটি ভবন কীভাবে ঝুূঁঁকিপূর্ণ হয়ে যায়?
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভূক্ত করে জেলা প্রাথমিক কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুল জাহিদ বলেন, ‘কড়ইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ বলে জেনেছি। বিদ্যালয় ভবন নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’