সংস্কারের তিন মাসেই আগের দশায় সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাটসংলগ্ন কালভার্ট  প্রথম আলো
ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ফটিকছড়ির গহিরা-হেঁয়াকো সড়কের নয়াহাটসংলগ্ন কালভার্ট প্রথম আলো

চকরিয়া ও পেকুয়া উপজেলার বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের ২০ কিলোমিটার এলাকায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত জুন মাসে এই গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করা হলেও ৭০ থেকে ৮০টি স্থানে আবারও গর্ত দেখা দিয়েছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
শুধু বরইতলী-পেকুয়া-মগনামা সড়ক নয়, একই অবস্থা বাঘগুজারা সেতু-পেকুয়া-চৌমুহনী-টৈটং বাজার সড়কেরও।
কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, জুন মাসে চকরিয়া-পেকুয়া ও বাঘগুজারা-টৈটং সড়কের কয়েকটি জায়গায় সংস্কারকাজ শেষ হয়েছে। এ সড়কের চকরিয়া উপজেলার বিএম চর, কোনাখালী ও পেকুয়া অংশের বাঘগুজারায় ২৭ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ৭০০ মিটার সড়কের সংস্কারকাজ হয়। একই সড়কের টৈটং এলাকায় ৩৯ লাখ টাকা ব্যয়ে ৩০০ মিটার সড়কের নির্মাণকাজ করা হয়েছে।
বাঘগুজারা এলাকার ইউপি সদস্য আজগর আলী বলেন, বাঘগুজারা অংশে সংস্কারের পর এক মাস না যেতেই খানাখন্দকের সৃষ্টি হয়। টৈটং এলাকার বাসিন্দা জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ৩৯ লাখ টাকায় কী কাজ হয়েছে তা সড়ক বিভাগের কর্মকর্তারাই জানেন। দায়সারাভাবে কাজ করায় সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে যাচ্ছে। এখন সড়কের চেহারা আগের অবস্থায় ফিরে গেছে। পেকুয়া বাজার দোকান মালিক সমিতির সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, পেকুয়া বাজার অংশে বালু ও ইট-সুড়কি দিয়ে শুধু গর্তগুলো ভরাট করে দায় শেষ করে সওজ। এখন সামান্য বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে গর্তে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সওজের সহকারী প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, ‘আমি সড়কটি কয়েক দিন আগেও দেখে এসেছি, গর্ত চোখে পড়েনি। তবে যেভাবে বৃষ্টি হয়েছে, তাতে তো গর্ত হতেই পারে। এতে আমাদের দোষ কোথায়?’