পটিয়া পৌর সদরের প্রধান সড়ক শহীদ আবদুস ছবুর সড়কটি সংস্কারের মাত্র দেড় মাসের মধ্যে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে অনেক খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতে পানি জমে সড়কের সঙ্গে একাকার হয়ে গেছে। তাই এ সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।সরেজমিনে দেখা গেছে, এই সড়কের উভয় পাশে রয়েছে বিভিন্ন ব্যাংকের শাখা এবং ননী মার্কেট, হাজী শপিং মার্কেট, চৌধুরী মার্কেট, রহমান মার্কেট, শাহ আমির মার্কেটসহ বেশ কয়েকটি বিপণিকেন্দ্র। এ ছাড়া রয়েছে বিভিন্ন ধরনের শতাধিক দোকান। এ সড়কের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে পটিয়া-বোয়ালখালী সড়কের কয়েক শ যানবাহন।এ ছাড়া পটিয়া সরকারি কলেজ, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় ও জমিরিয়া মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী এবং আশপাশের এলাকার চট্টগ্রাম শহরগামী অনেক মানুষ এ সড়ক দিয়ে গন্তব্যস্থলে যাতায়াত করে।ব্যস্ততম এ সড়কের থানা মোড় থেকে রহমান মার্কেট পর্যন্ত এলাকায় কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তের কাদাপানি সড়কের সঙ্গে একাকার হয়ে আছে। এই কাদাপানি মাড়িয়ে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে সর্বস্তরের মানুষ। বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচলও।এ সড়কে অবস্থিত মনছুর ক্লথের মালিক শফিউল আলম ও প্রসাধনী স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফ প্রথম আলোকে জানান, মাত্র দুই মাস আগে সড়কটি সংস্কার করা হয়েছে। কিন্তু দায়সারাভাবে সংস্কারের কারণে দেড় মাস না যেতেই সড়কটির অবস্থা দেখে মনে হয় না এটি সংস্কার হয়েছে।শহীদ ছবুর সড়কে কেনাকাটা করতে আসা তেকোটা স্বধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ স্মরণ সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পানিতে ভিজে নষ্ট হবে বলে প্লাস্টিকের জুতা পরে এসেছি। কিন্তু পানিতে ডুবে যাওয়ায় সেগুলো পরে হাঁটতে পারছি না। মনে হচ্ছে, সড়ক নয় নালার ভেতর দিয়ে হাঁটছি। এদিকে গাড়ির চাকার চাপে গর্তের কাদাপানি ছুটে এসে পরনের কাপড় নষ্ট করে দিল। এটা একটা সড়ক হলো?’জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ পটিয়া উপবিভাগীয় প্রকৌশলী মোছলেহ উদ্দিন সড়কটি দুই মাস আগে সংস্কারের কথা স্বীকার করেন। প্রথম আলোকে তিনি বলেন, সড়কটিতে কার্পেটিং করার সময় গাড়ি উঠে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। কয়েক দিনের মধ্যে খারাপ অংশ মেরামত করে দেওয়া হবে।