সংস্কারের দুই মাসের মাথায় আবার আগের চেহারায় ফিরে এসেছে রাঙ্গুনিয়া কলেজ সড়ক। পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। ফলে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় লোকজন ও বিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা। স্থানীয় লোকজন জানান, চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময়ে এক হাজার ২০০ মিটার সড়কটির সংস্কারকাজ শেষ করেন ঠিকাদার। কংক্রিট ও বালু দিয়ে সড়কটির গর্ত ভরাট করে বিটুমিন ঢালাই করে পিচ করা হয়। কিন্তু মাত্র দুই মাস না যেতেই সড়ক খানাখন্দে ভরে গেছে।পূর্ব সৈয়দবাড়ি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, যথাযথ সংস্কারের অভাবে গত এক দশক ধরে সড়কজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সড়কের কিনারার মাটি সরে গিয়ে ধসে যায়। ফলে সড়ক দিয়ে ভারী যানবাহন তো দূরের কথা সিএনজিচালিত অটোরিকশাও চলাচল করত না। গর্তে পড়ে ব্যথা পাওয়ার ভয়ে এ সড়কে স্থানীয় লোকজন রিকশায়ও চড়ত না। হেঁটে চলাচল করত প্রায় সময়। স্থানীয় লোকজনের আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার অধিদপ্তর সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়। রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, প্রায় ১১ লাখ টাকা ব্যয়ে সড়কটির সংস্কারকাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান খাজা গরিবে নেওয়াজ। রাঙ্গুনিয়া পৌর কাউন্সিলর জালাল উদ্দিন প্রতিষ্ঠানের পক্ষে সড়কটির সংস্কারকাজ করেন। সরেজমিনে দেখা যায়, কাপ্তাই সড়কের কলেজ ফটক থকে নুরুল উলুম সিনিয়র মাদ্রাসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে বড় বড় গর্ত রয়েছে। সড়কের সুন্দরী খালের ওপর নির্মিত সেতুর গোড়া থেকে কংক্রিট সরে গিয়ে বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে। যা আগেও ছিল বলে জানান এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, সংস্কারকাজ করার সময় ঠিকাদার প্রয়োজনীয় বিটুমিন ও কংক্রিট ব্যবহার করেননি। নিম্নমানের উপকরণ দিয়ে সংস্কার করায় সড়ক আগের চেহারায় ফিরে এসেছে। মরিয়মনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বলেন, ‘সড়ক সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। ফলে দুই মাসের মধ্যে সড়কের চেহারা বেহাল হয়ে গেছে।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঠিকাদার জালাল উদ্দিন বলেন, ‘সড়কসংস্কার কাজের বরাদ্দ ছিল অপ্রতুল। নির্ধারিত মাপের চেয়ে সড়কটি বেশি প্রশস্ত ছিল। তা ছাড়া বরাদ্দের সময়ের চেয়ে সংস্কারেরকাজের সময় বিটুমিনের দাম অনেক বেড়ে যায়। ফলে প্রয়োজনীয় বিটুমিন ও উপকরণ ব্যবহার করা সম্ভব হয়নি। এ অবস্থায় এক লাখ ৭৭ হাজার টাকা লোকসান হয়েছে আমার।’ রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. হাসান আলী এ প্রসঙ্গে বলেন, সংস্কারকাজের এক বছরের জামানত রয়েছে। এর মধ্যে নষ্ট হলে ঠিকাদারকে সড়ক মেরামত করে দিতে হবে। সে হিসেবে সড়কটির সংস্কারকাজ করার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। নিম্নমানের কাজ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।