সংস্কৃতি সাহিত্য ও ক্রীড়া বিষয়ে চর্চার বিকল্প নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও ক্রীড়া বিষয়ে চর্চার বিকল্প নেই। এসবের চর্চার মাধ্যমে সৃষ্টিশীলতা ও প্রতিভা বিকাশে অনন্য ভূমিকা পালন করছে হাটহাজারীর সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াপ্রতিষ্ঠান জাগৃতি। ২৭ জানুয়ারি হাটহাজারী পার্বতী উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাগৃতির কার্যকরী সংসদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা এমন মন্তব্য করেন। সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. আলাউদ্দিন। আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা বিস্তারে লিঙ্গবৈষম্য দূর করে ছেলেমেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষার সঙ্গে সংস্কৃতির মিলন ঘটাতে না পারলে মনুষ্যত্বকে জাগ্রত করা সম্ভব হবে না। মো. আলাউদ্দিন সমাজের দারিদ্র্যপীড়িত ছেলেমেয়েদের খুঁজে বের করে তাদের শিক্ষার ভার জাগৃতিকে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সমাজকে এগিয়ে নিতে এই প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে।অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।