সংস্কৃতিমনা প্রকৌশলী গড়ার প্রত্যয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জীবিকার তাড়নায় প্রকৌশলী হতে এসেছি, আর হূদয়ের দাবি মেটাতে নাটকে কাজ করতে চাই।’ কথাগুলো বললেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নুরুজ্জামান শুভ।প্রকৌশল শিক্ষার পাশাপাশি শুভর মতো আরও বেশ কিছু স্বপ্নবাজ তরুণ-তরুণী জড়িত হয়েছেন সাংস্কৃতিক কর্মকাণ্ডে। নাটক, বিতর্ক, চলচ্চিত্র প্রদর্শনী এখন নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে ক্যাম্পাসে। ক্যাম্পাসের বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠন বর্তমানে বেশ সক্রিয়। এসব সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের লক্ষ্য নিজেদের মানবিক ও সংস্কৃতিমনা প্রকৌশলী হিসেবে গড়ে তোলা। জয়ধ্বনি: ২০০০ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন জয়ধ্বনি। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একাত্তরের ক্ষুদিরাম নাটকটি মঞ্চস্থ করার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, রবীন্দ্র ও নজরুলজয়ন্তী, বাংলা নববর্ষ ইত্যাদি দিবস উদ্যাপনের পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এই সংগঠনটি। সংগঠনটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সংস্কৃতি চর্চা এবং ক্যাম্পাসের তরুণদের মধ্যে দেশীয় সংস্কৃতির বিকাশ ঘটানো এ সংগঠনের মূল উদ্দেশ্য। এ বছর সংগঠনটি প্রতিষ্ঠার ১১ বছর অতিবাহিত করেছে। চুয়েট ডিবেটিং সোসাইটি: ‘যুক্তি দিয়ে গাই শুদ্ধ আত্মার গান’ এই মন্ত্রে দীক্ষিত হয়ে ২০০০ সালের ১৪ ফেব্রুয়ারি যাত্রা শুরু করেছিল চুয়েট ডিবেটিং সোসাইটি (চুয়েট ডিএস)। সংগঠনটি বিতর্ক প্রতিযোগিতা দিয়ে তাদের কার্যক্রম শুরু করলেও পরবর্তী সময়ে ভিন্নধর্মী সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে তাদের পরিধি আরও বিস্তৃত করে। এই সংগঠনেরও মূল লক্ষ্য দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধরে রাখা। বিতর্ক আয়োজন ছাড়াও মঞ্চনাটক, সাহিত্যপত্র প্রকাশ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র নির্মাণ, প্রদর্শন ও প্রশিক্ষণ দেয় সংগঠনটি। এ সংগঠনটি এ বছর ১১ বছর পূর্ণ করেছে।ক্যাম্পাসের সাংস্কৃতিক সংগঠনগুলো সম্পর্কে চুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা অবশ্যই গুরুত্বপূর্ণ, যার জন্য সাংস্কৃতিক সংগঠন অত্যাবশ্যক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সব সময়ই সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করি।