সংস্কৃতির উচ্ছ্বাস হারিয়ে গেছে সৈয়দ বাড়িতে
‘রাঙ্গুনিয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড একেবারেই ঝিমিয়ে পড়েছে। নতুন প্রজন্মকে এসব কাছে টানে না। প্রযুক্তির কাছে আবেগ পরাজিত। এখন রাতব্যাপী নাটক মঞ্চায়ন হয় না। ঘটা করে পালিত হয় না জাতীয় দিবস, পয়লা বৈশাখসহ অন্যান্য অনুষ্ঠান। সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সৈয়দ বাড়ি গ্রামেও গত ১০ বছরেও বড় কোনো অনুষ্ঠান হয়নি।’ আক্ষেপ করে কথাগুলো বলেন সৈয়দ বাড়ি যুব নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।রাঙ্গুনিয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র সৈয়দ বাড়ি গ্রাম। এ গ্রামকে কেন্দ্র করে পরবর্তীকালে তা ছড়িয়ে পড়ে রাঙ্গুনিয়ার আনাচ-কানাচে। স্বাধীনতার আগে ও পরবর্তী সময়ে গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে রাতব্যাপী মঞ্চায়ন হতো নাটক। যেসব নাটকের মহড়া দেখার জন্যও তখন প্রতিদিন ভিড় জমে যেত। মঞ্চায়নের আগে তিন-চার দিন ধরে চলত মাইকিং। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসত নাটক দেখতে। তখন এটি ছিল একটি সর্বজনীন উৎসব। কিন্তু নব্বইয়ের দশকের পর থেকে কোনো নাটক মঞ্চায়ন হয়নি। সংশ্লিষ্ট লোকজন জানান, স্বাধীনতা পরবর্তী সময়ে সৈয়দ বাড়ি গ্রামের বেগম ইকবাল জাকির হোসেন উচ্চবিদ্যালয় ও সৈয়দ বাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঞ্চায়ন হয় সিরাজদৌলা, গাঁয়ের বধূ, টিপু সুলতান, পল্লী মেয়েসহ কয়েকটি নাটক। এসব নাটক পরিচালনায় ছিলেন চলচ্চিত্র পরিচালক প্রয়াত শেখ মতিউর রহমান ও বিশিষ্ট রাজনীতিক সাদেক নূর সিকদার। তখন মঞ্চস্থ হওয়া সিরাজদৌলা নাটকে অভিনয় করেন প্রখ্যাত অভিনেত্রী আনোয়ারা ও অভিনেতা আনোয়ার হোসেন। অবশ্য পরে সিরাজদৌলা নাটকটি দ্বিতীয়বার মঞ্চস্থ হয়। এতে নবাবের চরিত্রে অভিনয় করেন সাদেক নূর সিকদার। এরপর ১৯৮০ সালে গঠিত হয় সৈয়দ বাড়ি যুব নাট্য গোষ্ঠী। এ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন শাহজাহান সিকদার ও নাজিম উদ্দিন। যুব নাট্য গোষ্ঠীর তত্ত্বাবধানে মঞ্চস্থ হয় বেশ কয়েকটি নাটক। এগুলোর মধ্যে অন্যতম এক মুঠো অন্ন চাই, বাঁচতে চাই, হাসির হাটে কান্না, সুবচন নির্বাসনে ও আমাদের সন্তানেরা। এ নাটকগুলো পরিচালনা করেন নাট্যকার ইফতেখার হোসেন। পরবর্তীকালে ১৯৮৫ সালে প্রয়াত শিল্পী আবু তাহের ও প্রকৌশলী চন্দন দাশের উদ্যোগে গঠিত হয় নিবেদন শিল্পী গোষ্ঠী। যেটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সমাজসেবী মো. জাফর উল্লাহ। তখন সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন গতি পায়। বিশাল আয়োজনে উদ্যাপিত হয় পয়লা বৈশাখ, বাইশে শ্রাবণ, পঁচিশে বৈশাখ, এগারই জ্যৈষ্ঠসহ সব জাতীয় দিবস। সৈয়দ বাড়ি যুব নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান সিকদার বলেন, রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতার কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ডে মন নেই নতুন প্রজন্মের। যাঁরা এসবের হাল ধরবেন তাঁদের জীবিকার জন্য দৌড়াতে হচ্ছে প্রথমে। ফলে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সময় দেওয়া তাঁদের পক্ষে সম্ভব হচ্ছে না। এ ছাড়া তাঁরা মেতে উঠেছেন বিজাতীয় সংস্কৃতিতে। তিনি বলেন, ‘যুবসমাজ বর্তমানে যে অবক্ষয়ের পথে ধাবিত হচ্ছে তা থেকে রক্ষা করতে পারে একমাত্র সংস্কৃতিচর্চা। এজন্য সুস্থ একটি পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব।’নাট্যকার ইফতেখার হোসেন বলেন, ‘সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা। আমরা কয়েকটি নাটক মঞ্চস্থ করার জন্য অনেক দূর এগিয়েও আর্থিকসংকটের কারণে বন্ধ করে দিতে হয়েছে। আগে সবার মধ্যে যে উৎসাহ ছিল তা এখন চোখে পড়ে না। বর্তমানে সীমিত আকারে হলেও কিছু কার্যক্রম চালিয়ে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে শাপলা মুকুল খেলাঘর ও নিবেদন শিল্পী গোষ্ঠী।’