সংস্কৃতির সঙ্গে পথচলা

চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের পাঁচতলায় লিফট থেকে নামতেই কানে এল গিটারের সুর। সুরের উৎস পাঁচতলারই একটি কক্ষ। ভেতরে ঢুকতেই দেখা গেল জনা বিশেক শিক্ষার্থী গানে মশগুল। তাঁরা সবাই এই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ক্লাবের সদস্য। গান থামতেই শিক্ষার্থীরা জানালেন, ক্লাসের ফাঁকে মাঝে মাঝে এমন গান আর আড্ডার আসর বসে। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের (আইইউসিসি) যাত্রা শুরু হয় ২০১৪ সালের এপ্রিল মাসে। এরপর থেকেই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ধারাবাহিকতা বজায় রেখেছে ক্লাবটি। ক্লাবের সভাপতি সঞ্জয় দাশ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত সংস্কৃতিচর্চা করে আসছে আইইউসিসি। এই বিশ্ববিদ্যালয়ের যেকোনো শিক্ষার্থী এ সংগঠনের সদস্য হতে পারেন।
সংগঠনের সমন্বয়কারী ও চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনের শিক্ষিকা রোবাকা শামসের জানান, শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত করতেই ক্লাবটি প্রতিষ্ঠা করা হয়। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মননশীল হতে সাহায্য করবে। এতে সমাজে গড়ে উঠবে মুক্তচিন্তার মানুষ।
সংগঠনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে এখনো নির্দিষ্ট কোনো কক্ষÿ বরাদ্দ পাওয়া না গেলেও সংস্কৃতি চর্চা থেমে নেই বলে জানালেন আইইউসিসির সাধারণ সম্পাদক রিয়াজ আহম্মেদ। তিনি বলেন, কখনো শ্রেণিকক্ষে আবার কখনো বা বিশ্ববিদ্যালয়ের ক্যানটিনে আড্ডার ফাঁকে চলে সংস্কৃতি চর্চা।
যাত্রার শুরু থেকে এ সংগঠনের উদ্যোগে এখন পর্যন্ত প্রতিটি জাতীয় দিবস উদ্যাপন করা হয়েছে বলে জানান সংগঠনের সদস্য জারিন তাসনীম। ক্লাবের আরেক সদস্য প্রমিতা দাশ বলেন, প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সংগঠনের পক্ষ থেকে।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা কী? ক্লাবের সভাপতি সঞ্জয় দাশ একটু ভেবে বললেন, ‘ভবিষ্যতে কর্মশালা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছ আমাদের। বর্তমানে সীমিত পরিসরে বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছি আমরা। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’
ক্লাবটির সদস্যরা সবাই মিলে যেন একটি পরিবার। সংগঠনের সদস্য অনিন্দিতা ভট্টাচার্য উচ্ছ্বাসের সঙ্গে বললেন, ‘আমরা কে বড় আর কে ছোট সেটি বিবেচনা না করে সবাই একটি পরিবার হিসেবে কাজ করি। সংগঠনের সদস্যরা প্রত্যেকেই বন্ধুভাবাপন্ন। সংস্কৃতি চর্চার পাশাপাশি আমরা গণতন্ত্রের চর্চাও করছি এই সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার পর।’