সওগাতের স্বপ্ন

বাবার সরকারি চাকরির সুবাদে মাধ্যমিকের গণ্ডি পেরোতেই কয়েকটি স্কুলে নাম লেখান সওগাত নাজবিন খান। প্রতিবার স্কুল পরিবর্তন করার ফলে অবশ্য তাঁর নাকি ভালোই হয়েছে। সওগাত নাজবিন খান বলেন, ‘এই স্কুল পরিবর্তনের কারণে দেখা যেত, অন্য স্কুলে ভর্তির সময় এক ক্লাস এগিয়ে গিয়ে ভর্তি হতাম।’ এই বড় ক্লাসে ভর্তি হওয়ার ধারায় তিনি শেষে থিতু হন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। এই প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করেন নাজবিন। বাবা মোহাম্মদ মোখলেছুর রাহমান ও মা বেগম রওশন আরার তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সওগাত নাজবিন খান। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) থেকে স্নাতক হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশলে। এরপর ভারতে পরিবেশবান্ধব জ্বালানির বিষয়েও পড়াশোনা করেছেন এই ‘তরুণ নেতা’।
প্রাতিষ্ঠানিক শিক্ষার পাঠ শেষ করে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি ২০১৪ সালে গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় প্রতিষ্ঠা করেন এইচএ ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটিতে এখন প্লে গ্রুপ থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত ৬০৫ জন শিক্ষার্থী পড়ছে। তাদের মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষসহ নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে। ৫৫ জন শিক্ষক এখানে পড়ান। প্রতিষ্ঠানের ৬০ শতাংশ শিক্ষার্থীই হতদরিদ্র পরিবার থেকে আসা। অন্যরা মাসিক বেতন দিয়ে পড়তে পারে এখানে।
দরিদ্র মানুষের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য ‘কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস ২০১৬’ জিতেছেন নাজবিন। কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের মধ্য থেকে মাত্র চারজন জিতেছেন এ পুরস্কার। তাঁদের মধ্যে ‘কমনওয়েলথ এশিয়া ইয়াং পারসন অব দ্য ইয়ার ২০১৬’ হয়েছেন সওগাত নাজবিন খান।
পরিবেশবান্ধব জ্বালানির বিষয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে জার্মানির শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের ‘গ্রিন ট্যালেন্ট’ পুরস্কার পান এই তরুণী। এই পুরস্কারের আওতায় তিন মাসের স্বল্পমেয়াদি গবেষণার কাজ শেষ করলেন গত আগস্টে।
জাতিসংঘের ওয়েবসাইট থেকে জানা যায়, তরুণ নেতা হতে প্রাথমিকভাবে ১৮৬ দেশের ১৯ থেকে ৩০ বছর বয়সী ১৮ হাজারের বেশি তরুণ আবেদন করেন। তাঁদের মধ্য থেকে এই ১৭ জন অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তাঁরা বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া এক বছর জাতিসংঘের বিভিন্ন প্রকল্পেও অংশ নেবেন।