সকল কাজের কাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুয়েটের শিক্ষার্থী ত্বাসীন মীম
রুয়েটের শিক্ষার্থী ত্বাসীন মীম

বিজ্ঞান জনপ্রিয়করণ কার্যক্রম থেকে দুস্থ ব্যক্তিদের সেবা—সব উদ্যোগেই তিনি থাকেন সামনের সারিতে। সংগঠক আর নিজের নাম যেন তিনি সমার্থক বানিয়ে ফেলেছেন। তাই ক্যাম্পাসকেন্দ্রিক সংগঠনগুলো তো বটেই, যুক্ত হয়েছেন জাতীয় নানা সংগঠনের সঙ্গেও। তাঁর নাম ত্বাসীন মীম। পুরকৌশল বিভাগে তৃতীয় বর্ষে পড়ছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)। তিনি বিজ্ঞান ক্লাব অনুসন্ধিৎসু চক্রের সভাপতি হিসেবে যুক্ত আছেন রাজশাহী জেলা শাখায়, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েটের। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমানুপাতিক’-এর সমন্বয়কদের একজন। যুক্ত আছেন রুয়েটের বেসিস স্টুডেন্ট ফোরাম, রুয়েট ক্যারিয়ার ফোরামের সঙ্গেও।
ত্বাসীন বলেন, ‘সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজগুলোতে আমি ভীষণ আনন্দ পাই। স্কুল পর্যায় থেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের হয়ে কাজ করি। আর সবার সঙ্গে যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম সংগঠক হিসেবে কাজ করতে পারা।’
ত্বাসীনের তত্ত্বাবধানেই গত বছর রাজশাহী বিভাগে বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করে অনুসন্ধিৎসু চক্র ও অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অব রুয়েট। এ ছাড়া নিয়মিতভাবে আয়োজন করে আসছেন আকাশ পর্যবেক্ষণ ক্যাম্প। বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে প্রকাশ করেছেন বিজ্ঞান পত্রিকা ধ্রুবতারা।
এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন সমানুপাতিকের ব্যানারেও তাঁরা এ বছর শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন ১ হাজার ৮০০ কম্বল ও দুই হাজার শীতবস্ত্র হাতে। সমানুপাতিকের পরবর্তী কাজ সম্পর্কে ত্বাসীন মীম বলেন, ‘আমাদের পরবর্তী লক্ষ্য প্রতিবন্ধী মানুষের সাবলম্বী করে তোলা।’ সংগঠনের বাইরে তিনি ব্যক্তিগত উদ্যোগেই পড়াশোনার দায়িত্ব নিয়েছেন দুজন বাক্প্রতিবন্ধী শিক্ষার্থীর।
শুধু সংগঠক হিসেবেই নয়, জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, বিভাগীয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় পুরস্কার জয়ের নজিরও আছে ত্বাসীনের।
ত্বাসীন তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, ‘প্রশাসনিক কাজে আমার আগ্রহ বেশি। বিসিএস ক্যাডার হয়ে প্রশাসনে কাজ করতে চাই। আর বিজ্ঞান শিক্ষা প্রসার ও সামাজিক সেবামূলক কাজগুলো এগিয়ে নিতে চাই।’