খাগড়াছড়ি শহরের দক্ষিণ খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ১০টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। এর মধ্যে নারী ভোটারদের উপস্থিতিই বেশি চোখে পড়েছে। অনুভূতি জানতে চাইলে এ কেন্দ্রে ভোট দিতে আসা রিনা দেওয়ান (২৫) উচ্ছ্বাস নিয়ে বললেন, খুব ভালো ভোট হচ্ছে।
গতকাল পৌরসভা নির্বাচনের দিন খাগড়াছড়ির বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটের উৎসবমুখর চিত্র দেখা গেছে। সকাল আটটা থেকে দুপুর পর্যন্ত শহরের ১৭টি ভোটকেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণের খবর পাওয়া গেছে। শহরের চারটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। পাঁচটি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে ছিল নিরাপত্তা বাহিনীর বিশেষ টহল। ভোট গ্রহণ সুষ্ঠু করতে ১১ জন নির্বাহী হাকিমের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের ভ্রাম্যমাণ দল দায়িত্ব পালন কের বলে জানান জেলার রিটার্নিং কর্মকর্তা।
খাগড়াছড়ি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন জানান, ভোট সুষ্ঠু করতে ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল ছিল।
খাগড়াছড়ির ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। দক্ষিণ খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রূপম খীসা জানান, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ১ হাজার ৮৯৬ জন ভোটারের মধ্যে ৫৫০ জন ভোট দিয়েছেন।
টেক্সটাইল ভকেশনাল কেন্দ্রে সকাল ১০টায় গিয়ে অনেক ভোটারের উপস্থিতি দেখা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, তখন পর্যন্ত ২ হাজার ৫৭ জন ভোটারের মধ্যে ২০ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
শালবন এলাকায় শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা ৪৫ মিনিটে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ সারি। কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে প্রশাসনের তালিকাভুক্ত। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইসমাইল বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ২ হাজার ১৯ জন ভোটারের মধ্যে ৫০০ জন ভোট দিয়েছেন। নির্বাহী হাকিম শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘কোনোভাবেই ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। ভোটার ছাড়া কোনো বহিরাগত প্রবেশ করছে কিনা আমরা সে বিষয়ের ওপর নজর রাখছি।’
বেলা সোয়া একটায় কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েকজন ভোট দিচ্ছিলেন। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শরৎ কুমার ত্রিপুরা বলেন, এই কেন্দ্রে সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের ভিড় ছিল। এ পর্যন্ত ৯৬৩ জন ভোটারের মধ্যে ৫৮৩ জন ভোট দিয়েছেন।