সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা
ভারী বৃষ্টিপাতের মাঝেও জমে উঠেছে কক্সবাজারের মহেশখালীর দ্বীপের ঈদবাজার। সকাল থেকে মধ্যরাত চলছে কেনাকাটা। রোজার শুরুতে এবার বিপণিকেন্দ্রগুলো ফাঁকা থাকায় হতাশ ছিলেন বিক্রেতারা। তবে এখন বৃষ্টি উপেক্ষা করেই ক্রেতারা দোকানে আসছেন।
মহেশখালী দ্বীপের ঈদের প্রধান বাজার গোরকঘাটার পাশাপাশি বড় রাখাইনপাড়া, বড় মহেশখালী, হোয়ানক টাইমবাজার, কালারমার– ছড়া, মাতারবাড়ি নতুনবাজার ও পুরান বাজারের দোকানগুলোতে বেচাকেনা এখন জমজমাট।
গত সোমবার বিপণিকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটছেন বিভিন্ন বিপণিকেন্দ্রে। তবে গত বছরের চেয়ে এবার পোশাকের দাম বেশি। দোকানগুলোতে পাঁচ শ থেকে ৪৮ হাজার টাকা দামের শাড়ি আছে। জমকালো ডিজাইনের ভারতীয় থ্রি–পিস বাজারে এলেও দাম দুই থেকে ১২ হাজার টাকা। ভারতীয় সিরিয়ালের জনপ্রিয় নায়িকার নামে চলছে থ্রি–পিস। তবে তাই ক্রেতাদের পছন্দ দেশি কম দামের ভালো ডিজাইনের দেশি কাপড়।
ক্রেতারা জানান, ভারী বৃষ্টিপাত ও সাগর উত্তাল থাকার কারণে দ্বীপের অনেক বাসিন্দা কক্সবাজারের ঈদের কেনাকাটা করতে সাহস পাচ্ছেন না। এ কারণে অনেকেই বাধ্য হয়ে মহেশখালীতে কেনাকাটা করছেন। এই সুযোগে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছেন পোশাকের।
গোরকঘাটা বাজারের কেনাকাটা করতে আসা হোয়ানক ইউনিয়নের পানিরছাড়ার নূর আয়েশা (২৩) বলেন, ‘কাপড়ের দাম গতবারের চেয়ে অনেক বেশি। একটি থ্রি–পিস কিনেছি সাত হাজার টাকা দিয়ে। অথচ একই মানের থ্রি-পিস গত বছর ছিল সাড়ে চার হাজার টাকা।’ গোরকঘাটার ব্যবসায়ী ওয়াকার উদ্দিন বলেন, ক্রেতাদের চাহিদা মতো বিভিন্ন ডিজাইনের পোশাক আনা হয়েছে।