সকাল-বিকেল যাত্রী ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে গণপরিবহন-সংকট দীর্ঘদিনের। কর্মস্থলে যাওয়া ও ছুটির সময় গাড়ি ধরতে যাত্রীদের রীতিমতো প্রতিযোগিতায় নামতে হয়। দিনের পর দিন এ অবস্থা চলতে থাকলেও সংকটের সমাধান হচ্ছে না। যাত্রীদের অভিযোগ, এখন কাউন্টার-ভিত্তিক সার্ভিসের নামে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। আর পরিবহনসংকট আরও বেড়েছে। পরশু বিকেলে ও গতকাল সকালে নগরের গুরুত্বপূর্ণ মোড় ঘুরে দুর্ভোগের চিত্র পাওয়া যায়।বিএফআইডিসি মোড়: এ মোড়ে গতকাল সকাল পৌনে নয়টায় বসানো হয়েছে সিটি বাস, চট্টলা পরিবহনসহ ১০ নম্বর রুটের একটি কাউন্টার। কাউন্টার থেকে টিকিট কিনে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে আছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এস এম বড়ুয়া। কিন্তু বাসের দেখা নেই। তাঁর কর্মস্থল কদমতলীতে। একই রকম ভোগান্তির শিকার চকবাজার মার্কস ফ্যাশনের কর্মচারী প্রণব বড়ুয়াও। ক্ষোভের সঙ্গে তিনি (প্রণব বড়ুয়া) বলেন, ‘কর্মস্থল থেকে মুঠোফোনে চার-পাঁচবার মিসকল এসেছে। যথাসময়ে যেতে না পারলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে।’ এস এম বড়ুয়া বললেন, ‘১ নম্বর কাউন্টারের ছয়টি গাড়ি আমাদের না নিয়ে চলে গেছে।’ কাউন্টার সার্ভিসের টিকিট বিক্রেতা মো. জাহেদকে প্রশ্ন করলে বলেন, ‘কর্তৃপক্ষ পর্যাপ্ত গাড়ি না দিলে আমি কী করব?’ বহদ্দারহাট বাস টার্মিনাল: এখানে দেখা গেল, সিটি বাস ওনার্স ও চট্টলা পরিবহনের একটিমাত্র কাউন্টারে টিকিটের জন্য শ খানেক লোক দাঁড়িয়ে আছে। এ সময় চট্ট মেট্রো-জ-১৪-২৩৫৮ নম্বরের একটি সিটি বাসে চড়ে ওয়াসা মোড়ে যাচ্ছিলেন মোহাম্মদ ইমরান। তিনি অভিযোগ করেন, ‘গতকাল থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এভাবে দিন দিন ভাড়া বাড়ালে বেতনের অর্ধেক টাকা তো গাড়িওয়ালাকে দিয়ে দিতে হবে।’ আবু নাসের নামের অপর একজন বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে আগ্রাবাদে যাচ্ছিলেন। তিনি থাকেন চান্দগাঁও আবাসিক এলাকায়। তিনি বলেন, ‘পরশু (২৫ জুলাই) দিন পর্যন্ত আট টাকা দিয়ে আগ্রাবাদে গিয়েছি। আজ নিয়েছে ১২ টাকা।’আগ্রাবাদ মোড়: ২৬ জুলাই বিকেল পাঁচটায় পূবালী ব্যাংক, সিডিএ জোনাল কার্যালয়ের প্রধান কর্মকর্তা আবদুল মোনাফ ছুটি শেষে কর্মস্থল থেকে মুরাদপুরের বাসায় ফিরছিলেন। তিনি বলেন, ‘প্রতিদিন যথাসময়ে গাড়ি পাই না। বাধ্য হয়ে অটোরিকশায় চেপে বাসায় ফিরতে হয়। প্রতি মাসে শুধু গাড়িভাড়া খাতে খরচ হয় পাঁচ হাজার টাকার বেশি।’একই মোড়ে চট্টলা পরিবহন ও সিটি বাস কাউন্টারে লাইন ধরে গাড়ির জন্য অপেক্ষা করছেন ১৮-২০ জন যাত্রী। এ লাইনে গাড়ির জন্য দাঁড়িয়ে আছেন হালিশহর মেরিস্টপ ক্লিনিকের মাঠ সমন্বয়কারী আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘কর্মস্থল থেকে প্রতিদিন বাসায় ফিরতে কষ্টের সীমা থাকে না। পিকটাইমে (সন্ধ্যা) অনেক বাস বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক আনা-নেওয়া করে। এ কারণে ভোগান্তিতে পড়ি আমরা।’ষোলশহর ২ নম্বর গেট: ২৬ জুলাই সন্ধ্যা সাতটায় এই মোড়ে দেখা গেছে শতাধিক যাত্রী গাড়ির জন্য অপেক্ষা করছে। একটি গাড়ি এলেই হুড়োহুড়ি করে যাত্রীরা গাড়িতে উঠছে। বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সড়কে যানবাহন-সংকট কেন হয়?—প্রশ্ন করলে এক বাসচালক মো. হাসান বলেন, ‘অনেক গাড়ি এ সময় গার্মেন্টসের ভাড়া টানে। তাই যাত্রীরা কষ্ট পায়।’যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সিটি বাস মিনি বাস ওনার্স অ্যাসোসিয়েশনের হিসাবরক্ষক মোহাম্মদ হানিফ বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা যাত্রীদের কাছ থেকে সরকার-নির্ধারিত ভাড়া নিচ্ছি। বাড়তি ভাড়া নিচ্ছি না।’চট্টলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ‘গণপরিবহনে কোনো সংকট নেই। কারণ, এখন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক পরিবহনে গাড়িভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছি। আর সরকার-নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে, অতিরিক্ত নয়।’