সকালবেলার বাঙ্গিহাট
ভোরের আলো ফুটতেই কাঁধে বাঙ্গির ভার নিয়ে হাজির চাষি। ক্রেতার ভিড়ে গমগম করছে হাট। সকাল সাত-আটটায় দম ফেলারও ফুরসত থাকে না বিক্রেতাদের। শহর থেকে আসা পাইকারি ব্যবসায়ীরা খাঁচিভর্তি বাঙ্গি কিনে পিকআপ বোঝাই করে ফিরছেন ফিরতি পথে। এভাবে চলে দুপুর ১২টা পর্যন্ত। তৈলারদ্বীপ সেতু-সংযোগ সড়কের বাঁশখালী প্রান্তে বসে জমজমাট এ বাঙ্গির হাট।চাষিরা জানান, এটি কোনো স্থায়ী বাজার নয়। চাষিরা নিজেরা বসতে বসতে হাট জমে গেছে। এখানকার বিক্রেতারা বেশির ভাগ স্থানীয় চাষি। তাঁরা নিজেদের খেতের বাঙ্গি এনে এখানে বিক্রি করেন। বাঙ্গির পাশাপাশি মাঝেমধ্যে তরমুজ ও খিরাও বিক্রি হয়। হাট থাকবে বাঙ্গির মৌসুম পর্যন্ত। তবে এখানে বসার জন্য কোনো টোল দিতে হয় না।স্থানীয় চাষি ও বাঙ্গিবিক্রেতা মো. রমিজ (৪৬) বলেন, ‘আমি এবার ৪০ শতক জমিতে খেত করেছি। এখন বাঙ্গি পাকা শুরু হয়েছে। কয়েক দিন ধরে এক-দুই ভার বাঙ্গি নিয়ে আসছি। দ্রুত বিক্রি হয়ে যায়। প্রতি ভার বিক্রি হয় এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকায়।’ আরেক চাষি মোহাম্মদ দিদার (৩২) বলেন, ‘দুই বছর ধরে এখানে হাট বসায় আমাদের জন্য সুবিধা হয়েছে। এখন আর দূরে বাঁশখালী সদরে যেতে হয় না। এতে খরচ বাঁচল, বিক্রিও হচ্ছে ভালো।’জানা যায়, চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজার, ফিরিঙ্গি বাজার ও কাপ্তাই-মদুনাঘাট থেকেও অনেক পাইকারি ব্যবসায়ী প্রতিদিন এ হাট থেকে বাঙ্গি তরমুজ কিনে নিয়ে যান। ফলে দিন দিন হাটের পরিধি বিস্তৃত হচ্ছে। খুচরা পর্যায়েও এখানে বাঙ্গি বিক্রি হয়। চট্টগ্রাম শহরের মদুনাঘাট এলাকা থেকে বাঙ্গি কিনতে আসা ব্যবসায়ী আবদুস সামাদ বলেন, ‘এখানে তাজা ও ভালো মানের ফল পাওয়া যায়, দামও কম। তাই সপ্তাহের তিন দিন এখানে এসে বাঙ্গি কিনে নিয়ে যাই। কয়েক বছর ধরে এভাবে ব্যবসা চালিয়ে আসছি।’