সকালে সজীব সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের সাজ দিনের প্রথম সাজ তো বটেই—ঈদের দিনের সাজসজ্জাও শুরু হয় এর মধ্যদিয়ে। সকালের সাজ অবশ্যই হালকা হতে হবে। তাতেই স্নিগ্ধ দেখাবে।রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান মনে করেন, যাঁরা সাধারণত সাজতে পছন্দ করেন না, তাঁরাও ঈদের দিন নিজেকে একটু সাজাতে পারেন।তিনি বলেন, বাড়িতে থাকলে একধরনের সাজ হবে। আর যদি কেউ সকালে বেরিয়ে পড়তে চান, সাজে হালকার মধ্যেই একটু জমকালো ভাব আনতে হবে। সাজটা পরিমিত হতে হবে, কিন্তু তাতে উৎসবের ছোঁয়া থাকবে। সকালে গোসল করে পছন্দের পোশাক পরে নিতে পারেন। সকাল থেকেই অতিথি আসা শুরু হয়। তাদের সাদরে অভ্যর্থনা জানাতে গিয়ে নিজের দিকে খেয়াল করার সময় হয় না। তাই সকালে উঠেই নিজেকে সাজিয়ে নিতে হবে। প্রথমে মুখে হালকা কমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। সকালের সাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চোখের সাজ। কাজল, মাশকারা ও আইলাইনার ব্যবহারে সাজ পূর্ণতা পায়। চোখের সাজের ক্ষেত্রে পোশাকের সঙ্গে মিলিয়ে বা কনট্রাস্ট করে আইশ্যাডো দিতে পারেন। তবে সকালের সাজে পাউডার আইশ্যাডো ব্যবহার করতে হবে। কোনো ধরনের তরল আইশ্যাডো, ক্রিম বা গ্লিটার দেওয়া আইশ্যাডো ব্যবহার করা উচিত নয়। এরপর আইলাইনারের টানে আঁকতে হবে চোখ। চাইলে কাজলও আইলাইনারের মতো করে ব্যবহার করা যেতে পারে। শুধু কাজল দিয়ে চোখের সাজ এখন বেশ ট্রেন্ডি। যাঁরা সাজতে পছন্দ করেন না, তাঁরা শুধু কমপ্যাক্ট পাউডার ও কাজল দিয়েই পুরো সাজ পূর্ণ করতে পারেন। ঈদের দিন সকালে বাইরে গেলে ত্বকের সঙ্গে মিলিয়ে ফাউন্ডেশন প্রথমে ব্যবহার করুন। কিন্তু ভালোভাবে যেন মিশে যায়, তা খেয়াল রাখতে হবে। তারপর ব্লাশন দিতে হবে। দিনের বেলার জন্য হালকা গোলাপি, মভ কিংবা বাদামি রং বেছে নিতে পারেন। ব্লাশনের ব্রাশ বোলানোর পর কমপ্যাক্ট বা ফেস পাউডার ব্যবহার করতে হবে। ঠোঁট হালকা রঙের লিপস্টিক দিয়ে রাঙাতে পারেন। ম্যাট হলে ভালো। তা না হলে হালকা রঙের লিপগ্লসও ব্যবহার করা যেতে পারে। এবার আসা যাক চুল নিয়ে। বিপত্তি বেশি হয় চুলের জন্য। যাঁরা একটু ভিন্ন আঙ্গিকে চুল বাঁধতে চান, তাঁরা আগের দিন বিউটি পারলার থেকে চুলটাকে সেট করে নিতে পারেন। তাহলে ঈদের দিন চুল না ভিজিয়ে গোসল করলেন। সেটি সম্ভব না হলে ব্লো ড্রাই করে চুল সাজানো যেতে পারে। এ ছাড়া লম্বা চুল হলে খোঁপা বেণি করলে ভালো দেখাবে। ছোট চুল বাড়িতে ক্লিপ দিয়ে বেঁধে রাখতে পারেন। বাইরে বের হওয়ার আগে চুল ছেড়ে দিলেই সাজ পূর্ণ।সাজ তো গেল। এর সঙ্গে গয়না ও পোশাক কেমন হবে—সে বিষয়ে কথা বলেছেন ড্রেসিডেলের প্রধান নির্বাহী মায়া রহমান। তিনি বলেন, সুতি, শিফন, হাফসিল্ক বা কোটার শাড়ি ভালো দেখাবে সকালে। হালকা ও উজ্জ্বল মিশেল থাকছে শাড়িতে। জমিন হালকা রঙের হলে পাড় বর্ণিল হবে। এমব্রয়ডারি, টাইডাই, অ্যাপ্লিক ও প্যাচওয়ার্ক প্রাধান্য পেয়েছে এবারে তাঁদের শাড়িতে। প্রিন্টের শাড়িও থাকছে। ফলে হালকা রং হলেও হাতের কাজের কারণে জমকালো ভাব আসবে। এসব শাড়ির সঙ্গে হালকা কিন্তু সেকেলে নকশার গয়না পরলে ভালো দেখাবে। কানে টপ, কানপাশা বা ঝুমকা পরা যেতে পারে। এ ছাড়া শাড়ির সঙ্গে মিলিয়ে পাথরের হালকা গয়নাও পরতে পারেন। গলায় হালকা চেইনের সঙ্গে সুন্দর পেনডেন্ট পরলেই আর কিছু লাগে না।