সকালে ‘লোকাল’ সন্ধ্যায় ‘স্পেশাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-বাঁশখালী রুটে সন্ধ্যার পর ‘লোকাল’ বাস হয়ে যায় ‘স্পেশাল’ সার্ভিস। দিনে বিরতিহীন (স্পেশাল সার্ভিস) যেসব বাস চলাচল করে সেগুলো নির্দিষ্ট কিছু গন্তব্য ছাড়া অন্য কোনো স্থানে থামে না। কিন্তু লোকালের নামে যেসব স্পেশাল বাস চলে, সেগুলো বাড়তি ভাড়া আদায় করলেও পথে পথে যাত্রী ওঠানামা করে। যাত্রীদের কেউ এর প্রতিবাদ করলে উল্টো চালক ও সহকারীদের (কন্ডাক্টর) হাতে নাজেহাল হতে হয়।পরিবহন সমিতি সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাঁশখালী-টৈটংবাজার রুটে যে বিরতিহীন স্পেশাল সার্ভিস চলাচল করে তা সকাল আটটা থেকে সর্বোচ্চ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত যাত্রী পরিবহন করে। এতে টিকিট ছাড়া যাত্রী বা মালামাল পরিবহন করা হয় না। পাঁচটি কাউন্টারের মাধ্যমে এ টিকিট দেওয়া হয়। নির্দিষ্ট কিছু স্টেশন ছাড়া পথে পথে যাত্রীও ওঠানামা করা হয় না। আর এতে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে শাহ আমানত সেতু এলাকা থেকে সন্ধ্যা নামতেই আনোয়ারা-বাঁশখালীর লোকাল বাসগুলো ‘স্পেশাল’ লেখা নির্দেশনাফলক (সাইনবোর্ড) ব্যবহার করে যাত্রী পরিবহন করছে। আনোয়ারা থেকে প্রতিদিন চট্টগ্রাম শহরে যাতায়াতকারী ব্যাংকার নুরুল আনোয়ার চৌধুরী বলেন, ‘প্রতিদিনই রাতের বেলা শাহ আমানত সেতু এলাকায় স্পেশাল নামধারী যানবাহনের খপ্পরে পড়ে হয়রানির শিকার হচ্ছি। তাঁদের (চলক-সহকারী) ইচ্ছেমতো ভাড়া না দিলে বাসেই তোলেন না। আবার পথে পথে যাত্রী ওঠানামা করলে কিছু বলাও যায় না, বললে নাজেহাল হতে হয়। এক কথায় আমরা জিম্মি হয়ে আছি। এ দশা থেকে মুক্তি চাই।’পরিবহন সমিতি সূত্র আরও জানায়, চট্টগ্রাম বাস টার্মিনাল থেকে টৈটংবাজার পর্যন্ত বিরতিহীন স্পেশাল সার্ভিস পরিচালনা করে চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী যানবাহন মালিক সমিতি। এসব গাড়িতে চালকের সামনে স্পেশাল সার্ভিসের নির্দেশনাফলক (সাইনবোর্ড) থাকে। আর লোকাল সার্ভিস পরিচালনা করে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) যানবাহন মালিক সমিতি। এসব গাড়িতে থাকে পিএবির নির্দেশনাফলক। কিন্তু অনেক সময় সন্ধ্যার পরে যাত্রীর অবস্থা বুঝে অনেক পিএবির গাড়িতে স্পেশাল নির্দেশনাফলক লাগিয়ে যাত্রী পরিবহন করে। এদিকে, সন্ধ্যার পরে শাহ আমানত সেতু এলাকায় চালকদের যাত্রী হয়রানির ব্যাপারটি কারও কাঁধে নিতে রাজি নয় চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী যানবাহন মালিক সমিতি ও পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) যানবাহন মালিক সমিতি। তাঁরা এজন্য দায়ী করেন চালক ও সহযোগীদের। এ ব্যাপারে নাম প্রকাশ না করে একাধিক চালক জানান, ‘সারাদিন গাড়ি চালিয়ে আমরা মালিকের আয় উঠাতে পারি না। তাই বিকেলের দিকে একটু পুষিয়ে নিতে চেষ্টা করি।’ তবে যাত্রী হয়রানির বিষয়টি তাঁরা অস্বীকার করেন। এ প্রসঙ্গে চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী যানবাহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রথম আলোকে জানান, স্পেশাল সার্ভিসে টিকিট ছাড়া যাত্রী পরিবহন করা হয় না। আর যাত্রীদের চাহিদা অনুসারে সর্বোচ্চ সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত স্পেশাল সার্ভিস চালু থাকে, তবে তা খুব কম সময়েই হয়।এ ব্যাপারে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) যানবাহন মালিক সমিতির সভাপতি জাফর উদ্দিন চৌধুরী বলেন, ‘আসলে রাত আটটার পরে পিএবির কোনো যানবাহনই রুটে থাকে না।’