সক্রিয় থাকতে দোপেয়ে চেয়ার!
এই যুগের অনেক মানুষেরই জীবনযাপনের একটা বড় সমস্যা হলো শারীরিক সক্রিয়তা না থাকা। মুটিয়ে যাওয়া, হূদরোগের ঝুঁকিতে পড়াসহ আরও নানা স্বাস্থ্য সমস্যার উত্সও এই শারীরিক নিষ্ক্রিয়তা। এ সমস্যা মেটাতে তরুণ ফরাসি ডিজাইনার বেনোইত মালতা ঘরদোরের আটপৌরে আসবাবপত্র এমনভাবে নকশা করতে চেয়েছেন, যাতে ব্যবহারকারী বাধ্য হয়ে শারীরিক সক্রিয়তার মধ্যে থাকেন।
ডিজাইন স্কুলে মালতার ডিপ্লোমা কোর্সে ‘নিষ্ক্রিয়তা’ শিরোনামের একটা প্রকল্প ছিল। এ প্রকল্পের অংশ হিসেবে তিনি দুই পায়ের একটা চেয়ার নকশা করেন। পেছন দিকটা দেয়ালে ঠেস দিয়ে রাখলে এই চেয়ারে বসে কাজকর্ম করা যাবে। কিন্তু ব্যবহারকারীকে সতর্ক থাকতে হবে এবং মাঝেমধ্যেই হয়তো উঠে অবস্থান পরিবর্তন করতে হবে। ফলে এই চেয়ারের ব্যবহারকারী প্রায় সারাক্ষণই শারীরিক নড়াচড়ার মধ্যে থাকবেন।
ডিজাইনার বেনোইত মালতা বলেন, ‘আমার প্রকল্পের মূল বিষয় ছিল শারীরিক নড়াচড়া বাড়িয়ে দিতে পারে এমন গৃহস্থালি জিনিসপত্র কল্পনা করা।’ তিনি আরও বলেন, ‘এই ভাবনা নিয়ে ঘরদোরের জায়গাকে কাজে লাগানোর চিন্তা করলে পুরো বিষয়টিই নতুনরূপে দেখা দিতে পারে।’
তরুণ এই ডিজাইনার মনে করেন, আসলে নিরীক্ষামূলক এই নকশা-প্রকল্প নিজের শরীর সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করে তুলতে পারে। নিজের নকশা করা দুই পায়ের চেয়ার বিষয়ে তাঁর মন্তব্য, ‘আমি নিজেদের ভালোর জন্যই সহ্য করা সম্ভব এমন বেকায়দা অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টা তুলে ধরতে চেয়েছি।’