কক্সবাজারের টেকনাফ সমুদ্র উপকূল দিয়ে মালয়েশিয়ায় মানবপাচার বন্ধ হচ্ছে না। সম্প্রতি সাগরে দুটি ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২০১ যাত্রী নিখোঁজ হলেও দালালচক্রের তৎপরতা অব্যাহত রয়েছে। থানায় মামলা হলেও মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। টেকনাফ থানা সূত্র জানায়, এ পর্যন্ত ৮২ ব্যক্তির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অনুসন্ধানে জানা গেছে, এই ৮২ ব্যক্তির মধ্যে ৩৯ জনই টেকনাফের শাহপরীর দ্বীপের বাসিন্দা। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক সিন্ডিকেট কয়েক বছর ধরে বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচার করছে। গত তিন বছরে ট্রলারে মানবপাচারের সময় অন্তত চার শতাধিক যাত্রী সমুদ্রে ডুবে মারা গেছেন। অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার পথে আরও এক হাজারের মতো ব্যক্তি মিয়ানমার ও থাইল্যান্ডের পুলিশের হাতে ধরা পড়ে সেসব দেশের কারাগারে বন্দী জীবন কাটাচ্ছেন। ১০ থেকে ৩০ হাজার টাকায় স্বপ্নের মালয়েশিয়ায় যাওয়ার প্রলোভনে পড়ে তরুণেরা এ পথে পা বাড়াচ্ছেন। গত বুধবার রাতে বিজিবি সদস্যরা মালয়েশিয়ায় পাচারের সময় ২৬ যাত্রীসহ দুটি কাঠের ট্রলার আটক করে। এর আগে ১২ নভেম্বর সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে মালয়েশিয়ায় যাত্রার প্রস্তুতিকালে তিনজনকে আটক করে কোস্টগার্ড বাহিনী। এঁরা হলেন, উপজেলার শাহপরীর দ্বীপের মাঝেরপাড়ার ফজল করিম (২২), বাহারছড়ার হলদিয়াপাড়ার নুর হোসেন (১৯) ও মো. রফিক (২৩)। আটক ফজল করিম ও রফিক জানান, তাঁরা হাশেম মাঝি ও নুর হোসেন নামের দুই ব্যক্তিকে ১৫ থেকে ২০ হাজার টাকা দিয়েছেন মালয়েশিয়ায় যাওয়ার জন্য। এ ঘটনায় টেকনাফ থানায় একটি মামলা হয়। মামলায় শাহপরীর দ্বীপের মো. হাশেম মাঝি, মিস্ত্রিপাড়ার নুর হোসেন ও মাঝেরপাড়ার ফজল করিমকে আসামি করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৮০ জনের বেশি দালালের বিরুদ্ধে টেকনাফ থানায় ৪৭টি মামলা রয়েছে। কিন্তু একজন ছাড়া কোনো দালাল ধরা পড়েনি। আসামীরা আত্মগোপনে থাকায় তাঁদের ধরা সম্ভব হচ্ছে না।’ মানব পাচারের সঙ্গে আন্তর্জাতিক পাচারকারী চক্রও জড়িত বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দরা। এ ব্যপারে সমুদ্রপথে মালয়েশিয়া গিয়ে পরে টেকনাফ ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, ‘টেকনাফ উপকূল থেকে ট্রলারে করে থাইল্যান্ড পৌঁছাতে চার দিন চার রাত সময় লাগে। থাইল্যান্ড উপকূলের কাছাকাছি সাগরে নামিয়ে দেওয়ার পর সেখানকার দালালেরা যাত্রীদের অন্য ট্রলারে তুলে নেয়। তারপর আরও এক লাখ ২০ হাজার টাকা (বাংলাদেশি) দেওয়ার শর্তে যাত্রীদের থাইল্যান্ড থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানো হয়।’ টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, ‘সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও দেশের নানা অঞ্চলের দরিদ্র মানুষজন সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। গত কয়েক মাসে এ রকম দেড় শতাধিক লোককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। কিন্তু তারপরও মানবপাচার বন্ধ করা যাচ্ছে না।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলাম বলেন, ‘টেকনাফ উপকূলকে মালয়েশিয়া মানব পাচারকারী দালাল চক্র নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে। তাই দালালদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’