প্রতিবেশী দেশগুলো পোশাকশিল্প খাতকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ নিয়েছে। জাপান ও ভারত মুক্তবাণিজ্য চুক্তি করতে যাচ্ছে। ভারত বাজেটেও বরাদ্দ বাড়িয়েছে। পাকিস্তান আগামী বছরকে ‘টেক্সটাইল ইয়ার’ ঘোষণা করেছে। প্রতিবেশী দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদেরও নতুন উদ্যোগ নিতে হবে। এ জন্য এবারের বাজেটে এই খাতের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া উচিত।তৈরি পোশাকশিল্প খাতে এখন শ্রমিকসংকট প্রকট। আমাদের হিসাবে, এখনো ২৫ শতাংশ শ্রমিকসংকট রয়েছে। সংখ্যার হিসাবে পাঁচ-ছয় লাখের কম হবে না। প্রতি বছর বাড়ছে দক্ষ শ্রমিকের অভাব। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১২টি প্রশিক্ষণকেন্দ্র ও প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে দক্ষ শ্রমিক তৈরি হচ্ছে।কিন্তু এই সংখ্যা খুব বেশি নয়।তাই সংকট কাটাতে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি উদ্যোগে প্রতিবছর যাতে দু-এক লাখ দক্ষ শ্রমিক গড়ে তোলা যায়, সে জন্য উদ্যোগ নেওয়া দরকার। বাজেটে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ, এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।অন্য খাতগুলোতে তৈরি পোশাকশিল্পের পরোক্ষ অবদান কম নয়। চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয়ের সিংহ ভাগই পোশাকশিল্পের অবদান। এ ছাড়া পরিবহন খাতসহ অনেক খাতের বিকাশও পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। কিন্তু এই খাতে এখন অনেক সমস্যা রয়েছে। গ্যাসের অভাবে ছোট ও মাঝারি কারখানাগুলো দিনে ১৫ হাজার টাকার ডিজেল পোড়াচ্ছে। এতে ব্যয় বেড়ে যাচ্ছে। এখন উদ্যোগ নেওয়া দরকার, ঢাকা ও চট্টগ্রামে অন্তত দুইটি বিশেষ শিল্পাঞ্চল গড়ে তোলার। আমি মনে করি, অন্তত পাইলট প্রকল্প হিসেবেও চালু করার জন্য বাজেটে প্রস্তাবনা থাকা উচিত। ফতেয়াবাদে ৫০০ একর জায়গায় একটি শিল্পাঞ্চল প্রতিষ্ঠা করার বিষয়ে আলোচনা হচ্ছে অনেকদিন। শ্রমিকদের আবাসন, চিকিৎসা এবং ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য সরবরাহের ক্ষেত্রে বাজেটে অর্থবরাদ্দ রাখা দরকার। বিশেষ করে পোশাকশিল্পের শ্রমিকদের জন্য খাদ্যদ্রব্যের রেশনিং ব্যবস্থা চালু করা বেশি জরুরি। বাজেটে এসব বিষয় দেখতে চাই।