‘ই-ফ্যাশন শো’ নামটিই বেশ চমকপ্রদ। মূলত এটি অনলাইনে আয়োজিত একটি ফ্যাশন প্রতিযোগিতা। করোনা মহামারিতে ক্লাস, পরীক্ষা, প্রেজেন্টেশন—এসব অনলাইনে অনুষ্ঠিত হওয়ার খবর নতুন নয়। তবে এবার অনলাইনে ফ্যাশন শো প্রতিযোগিতা আয়োজনের চমকপ্রদ উদ্যোগ নিয়েছে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের বস্ত্র প্রকৌশল বিভাগ।
গত ৩১ ডিসেম্বর প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। বিভাগটির প্রভাষক ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জগলুল হক মৃধা জানালেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবছরই এ ফ্যাশন শো প্রতিযোগিতার আয়োজন করেন তাঁরা। এবার মহামারির কারণে প্রতিযোগিতাটি ভিন্নভাবে অনলাইনে আয়োজন করা হয়।
বিভাগটির শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল। প্রতিযোগীদের পাঠানো ভিডিও থেকে বিচারকদের নম্বরের ভিত্তিতে প্রথম হন প্রথম সেমিস্টারের শিক্ষার্থী স্মরণ সাহা। বিশ্ববিদ্যালয়জীবনের শুরুতেই এমন প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে খুশি স্মরণ। তিনি বলেন, ‘ক্যাম্পাসে গিয়ে এখনো ক্লাস করার সুযোগ হয়নি বলে আফসোস ছিল। তবে এই প্রতিযোগিতা আমার মন ভালো করে দিয়েছে। আমি আগে থেকেই মডেলিং করি। তবে এ রকম অনলাইন ফ্যাশন শো আমার জন্য নতুন একটি অভিজ্ঞতা।’
অনলাইনে পড়াশোনাও চলছে পুরোদমে। এরই মধ্যে শিক্ষার্থীরাও রেখেছেন প্রতিভার স্বাক্ষর। ১৩ তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের তিন শিক্ষার্থী। তাঁদেরই একজন ৩২তম ব্যাচের সখিনা আক্তার। সারা দেশের মধ্যে ১৫তম হয়েছেন তিনি। ছোটবেলায় বাংলা সিনেমার দৃশ্যে আইনজীবী আর বিচারকদের পেশা বেশ আকৃষ্ট করত সখিনাকে। সে সময় থেকেই আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেন। স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে।
সখিনার এত দূর আসার গল্পটাও অনেকটা সিনেমার মতোই। নেত্রকোনার বারহাট্টার এক গ্রামে বড় হয়েছেন তিনি। পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে তিনি সবচেয়ে ছোট। আর্থিক অসচ্ছলতার কারণে বড় ভাইবোনদের কেউই মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। তবে ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি প্রবল আগ্রহ ছিল সখিনার। তাই কোনো বাধাই আটকাতে পারেনি তাঁকে। সখিনা বলেন, ‘বাধা পেলেই আমার আগ্রহ সব সময় বেড়ে যায়। তাই পড়াশোনার ক্ষেত্রে যখনই কোনো সমস্যা বা বাধার সম্মুখীন হয়েছি, তখনই আমি আরও বেশি পরিশ্রম করেছি।’
এসএসসিতে জিপিএ–৪.৯৪ পেলেও এইচএসসিতে জিপিএ–৫ পান সখিনা। এরপর কলেজের শিক্ষকেরা সখিনার মা–বাবাকে পরামর্শ দেন মেয়েকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানোর জন্য। এরপর তিনি ঢাকায় আসেন। ভর্তি হন নর্দান বিশ্ববিদ্যালয়ে।
সখিনা বলেন, ‘আমি যেই পরিবেশে বড় হয়েছি, সেখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত এতটা সহজ ছিল না। তবে আমার মা-বাবা সব সময়ই আমার পাশে ছিলেন। আমার স্বপ্ন পূরণের জন্য তাঁরা কখনোই আমাকে বাধা দেননি। বরং তাঁরা সব সময় সাহস জুগিয়েছেন। যত কষ্টই হোক, আমার পড়াশোনা অন্তত খরচের জন্য আটকে যাবে না—এমন আশ্বাস পরিবার থেকে ছিল।’
নিজের মেধার জোরে নর্দান বিশ্ববিদ্যালয়ে একাধিক সেমিস্টারে জিপিএ–৪ রেখেছিলেন তিনি। ফলে বৃত্তিও পেয়েছেন কয়েকবার। ২০১৮ সালে স্নাতক সম্পন্ন করে একই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হন সখিনা। ২০১৯ সালে প্রেসিডেন্টস গোল্ড মেডেল পুরস্কার নিয়ে আইন বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এই মেধাবী শিক্ষার্থী। সখিনার মতো এমন সংগ্রামের গল্প নর্দান ইউনিভার্সিটিতে হয়তো আরও আছে। যাঁরা বিশ্ববিদ্যালয়টিতে পড়ছেন, তাঁরাও নিশ্চয়ই অগ্রজদের এ অগ্রযাত্রা থেকে অনুপ্রাণিত হবেন।