কাল পয়লা বৈশাখ। পান্তা, ইলিশ আর মেলা নিয়ে আবার মেতে উঠবে সবাই। বাতাসা, মোয়াসহ আরও নানা মুখরোচক খাবার দেদার বিক্রি করবে দোকানিরা। ঢাকার রমনা থেকে শুরু করে শাহবাগ, চারুকলার পথ ঢেকে যাবে নানা রকম ফানুস আর ছবিতে। চুড়ি, আলতা, একতারা, পাঞ্জাবি, শাড়ি—কোনো কিছুই বাদ যাবে না উপহারের তালিকা থেকে। এই উপহার দেওয়ার জের ধরেই কেউ কেউ পাবে বই। প্রিয়জনদের হাতে তুলে দেওয়া হবে উপহার। বৈশাখে বই হতে পারে দারুণ এক উপহার। ভাই, বন্ধু, কাছের মানুষের হাতে তুলে দেওয়া যেতে পারে গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস বা ভ্রমণসংক্রান্ত কোনো বই।‘কিশোর উপন্যাস আমার খুব ভালো লাগে। অবসর পেলেই আমি বসে যাই বই নিয়ে। শুধু বইমেলায়ই নয়, বৈশাখেও আর সব উপহারের পাশাপাশি বাবা আমার হাতে তুলে দেন বই। তখন খুব ভালো লাগে।’ বই উপহার নিয়ে নিজের ভালো লাগার কথা বলছিল নটর ডেম কলেজের শিক্ষার্থী অর্ণব হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়েরই রসায়ন বিভাগের শিক্ষার্থী তারেকের সঙ্গে কথা হচ্ছিল। তারেকের মতে, ‘বই ছাড়া এ দেশের মানুষের জীবন কল্পনা করা যায় না। আমাদের সুখ, দুঃখ, আশা-ভরসা—সবকিছুর আশ্রয়স্থলই বই। তাই বৈশাখে বই-ই সবচেয়ে ভালো উপহার হতে পারে বলে আমি মনে করি। কাউকে উপহার দেওয়ার কথা মনে হলে আমি বইকেই সবার আগে বেছে নিই। ফেব্রুয়ারির মতো বৈশাখেও বইমেলার আয়োজন করা যেতে পারে।’একুশের বইমেলার শুরুটাও ছিল কিন্তু সাদামাটা। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে বাংলা একাডেমীর সামনে মুক্তধারা প্রকাশনী সামান্য কিছু বই নিয়ে বসে যায়। মুক্তধারার স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহার চেষ্টায় এগোতে থাকে এর কাজ। আরও কয়েকটি প্রকাশনী হাজির হয় তাদের বই নিয়ে। সেই অল্প থেকে শুরু হওয়া কাজটি ধীরে ধীরে হয়ে ওঠে জনপ্রিয় এবং আয়োজনটি হয়ে ওঠে বিশাল থেকে বিশালতর। পাঠক এবং লেখকেরা পায় অমর একুশে বইমেলার স্বাদ। শুধু ফেব্রুয়ারির বইমেলাতেই নয়, পাঠকদের সব সময়ই বইয়ের প্রতি থাকে চাহিদা। নতুন সব বইয়ের প্রতি থাকে দারুণ আগ্রহ। তাই বৈশাখে অন্য সব আকর্ষণের পাশাপাশি বইমেলার আয়োজন করে পাঠক এবং লেখকদের একসঙ্গে নিয়ে আসা যেতে পারে বইয়ের মাধ্যমে। প্রকাশকেরাও নিতে পারেন দারুণ সব পদক্ষেপ।বই শুধু জ্ঞানই নয়, বিনোদনেরও একটি মাধ্যম। তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান বলছিলেন, ‘সময় পেলেই আমি কোনো না কোনো উপন্যাস নিয়ে বসে যাই। অবসরে বই-ই পাশে থাকে আমার। বই উপহার হিসেবে পেতে কখনোই মন্দ লাগে না। বৈশাখে তাই বন্ধুদের কাছ থেকে বই পেলেই সবচেয়ে বেশি খুশি হই আমি।’সোনিয়া পড়েন ইডেনে। এবার বইমেলায় একটি প্রকাশনীর হয়ে কাজ করেছেন। স্টলে থেকে দেখার সুযোগ পেয়েছেন বইয়ের প্রতি পাঠকদের চাহিদা। তার মতে, ফেব্রুয়ারির মেলার পরেই যেন থিতিয়ে পড়ে বই নিয়ে প্রকাশকদের কাজ। পাঠকেরা যেন বইয়ের জগৎ থেকে দূরে সরে যায়। বৈশাখের মিলনমেলার মাধ্যমে চাঙা করা যেতে পারে বই নিয়ে পাঠকদের আগ্রহ ও উচ্ছ্বাসকে—জনপ্রিয় করে তোলা যেতে পারে বই উপহার দেওয়ার রীতিকে।বৈশাখের মেলা নিয়ে তরুণদের ভেতর কাজ করে অন্য রকম এক উচ্ছ্বাস। এ উৎসব ঢাকাকেন্দ্রিক নয়। দেশজুড়ে চলে মেলা নিয়ে আনন্দ। দেশের সব জায়গায় পৌঁছে দিতে হবে বই। এটা খুব কঠিন কাজ নয়। কাছের মানুষদের বই উপহার দেওয়ার মাধ্যমেই এ কাজকে সহজ করে তোলা যায়। ঘরে ঘরে পৌঁছে যেতে পারে বই। বৈশাখ মানেই নতুন দিনের সূচনা। এই বৈশাখেই তাই পাঠকেরা নিক নতুন বইয়ের ঘ্রাণ। জন্ম নিক নতুন কোনো পাঠক। বই হোক বৈশাখের এক ভালো লাগার উপহার। মোড়কবন্দী বই দেখা যাক সবার হাতে, এমনটাই চাওয়া আমাদের।