সখীপুরে এক বছরে বিচ্ছেদ ৫৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে গত ১ বছরে ৭৬৫টি বিবাহ হলেও ৫৩০টি বিচ্ছেদের ঘটনাও ঘটেছে। এর আগে ২০১৪ সালে ৪২৫টি ও ২০১৫ সালে ৫৮৩টি বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে। বাল্যবিবাহ, স্ত্রীর প্রতি স্বামীর উদাসীনতা, বিবাহবহির্ভূত সম্পর্ক, স্বামীর মাদকাসক্তি, দীর্ঘদিন স্বামীর প্রবাসে থাকা, শ্বশুর-শাশুড়ির নির্যাতন, যৌতুকের জন্য চাপ, স্বামীর নির্যাতন—এসব কারণেই বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
সখীপুরের ৮টি ইউনিয়ন, পৌরসভার ৪টিসহ উপজেলায় মোট ১২টি কাজির কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নে বিয়ে হয়েছে ৭০টি আর বিচ্ছেদ হয়েছে ৮০টি, কালিয়া ইউনিয়নে বিয়ে ১৫৮, বিচ্ছেদ ১১৬, বহুরিয়া ইউনিয়নে বিয়ে ২৪, বিচ্ছেদ ২৮, হাতীবান্ধা ইউনিয়নে বিয়ে ১২৬, বিচ্ছেদ ৪১, যাদবপুর ইউনিয়নে বিয়ে ৬৬, বিচ্ছেদ ৫২, গজারিয়া ইউনিয়নে বিয়ে ৪৯, বিচ্ছেদ ৩৬, বহেড়াতৈল ইউনিয়নে বিবাহ ৪২, বিচ্ছেদ ৩১ এবং দাড়িয়াপুর ইউনিয়নে বিবাহ ৩৪ ও বিচ্ছেদ ২০টি। পৌরসভার ৪টি কার্যালয়ে ১৯৬টি বিবাহ হলেও বিচ্ছেদ ঘটেছে ১২২টি।
উপজেলার ১২টি কাজি অফিসে ৫৩০টি তালাকের মধ্যে শুধু কনের পক্ষ থেকে তালাকের সংখ্যা ২৭৩, বর ও কনের মধ্যে সমঝোতার মাধ্যমে তালাকের সংখ্যা ২৫০। কালিয়া ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজি) মাহবুব সাদিক বলেন, ‘কনের পক্ষের তালাককে ডি-তালাক, ছেলের পক্ষের তালাককে বি-তালাক ও ছেলে-মেয়ে উভয় পক্ষের সমঝোতার তালাককে সি-তালাক বলা হয়।’
নাম প্রকাশ না করার শর্তে একজন নারী বলেন, সামান্য কারণে একজন নারী কখনো তাঁর স্বামীকে তালাক দেন না। সামাজিক, শারীরিক ও মানসিক নির্যাতন যখন সীমা অতিক্রম করে, তখন বাধ্য হয়েই নারীদের তালাকের আশ্রয় নিতে হয়। সখীপুর উপজেলা কাজি সমিতির সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার কাজি শফিউল ইসলাম বলেন, বাল্যবিবাহ, স্বামীর বিদেশে থাকা ও পরকীয়াঘটিত নানা জটিলতা নিয়ে প্রথমে দুই পরিবারে ফাটল ধরে, পরে তা বিচ্ছেদে রূপ নেয়।
স্থানীয় একটি কলেজের এক ছাত্রী প্রথম আলোকে বলেন, ‘মাস ছয়েক আগে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। স্বামী এসএসসি পাস করতে পারেনি, পোলট্রি ব্যবসা করে। স্বামীর চেয়ে বেশি শিক্ষিত হলে তাকে মানব না, এ যুক্তিতে সে আমাকে পড়াতে চায় না। ছাত্রী নিবাসে থাকার খরচও দেয় না। কয়েক দিন আগে শুনলাম, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে এবং আরেকটি বিয়েও করেছে। এখনো আমি তালাকনামা পাইনি। এখন বাধ্য হয়েই আমার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’
আরেকজন নারী বললেন, ‘আমার স্বামী বিয়ে করে ১৫ দিনের মাথায় বিদেশ চলে যায়। বিয়ের সময় শর্ত ছিল, আমাকে পড়াশোনা করতে দেওয়া হবে। কিছুদিন পর স্বামী বিদেশ থেকে সাফ বলে দেয়, আর পড়াশোনা করা যাবে না। কারণ জানতে চাইলে স্বামী ফোনে বলেন, আমি নাকি অন্য কারও সঙ্গে প্রেম করছি। পড়াশোনা করলে পরে স্বামীকে ফেলে চলে যাব। এসব আজগুবি কথা বলে আমার পড়াশোনা বন্ধ করার জন্য চাপ দেয়। আমি পড়াশোনা চালিয়েই যাই। এরপর থেকে স্বামী কোনো টাকা-পয়সা দেয় না। আমার মা-বাবাই আমার পড়াশোনার খরচ দেন। কোনো ফোনও করে না। আমাকে তালাক দেবে বলে হুমকিও দেয়। দুই বছর আমার স্বামী আমার খোঁজ না নেওয়ায় আমিই ওকে তালাক দিই।’
এ ব্যাপারে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার বলেন, আগে নারীর ক্ষমতায়ন ছিল না। পুরুষদের অত্যাচার সহ্য করে নীরবে সংসার করেছে। এখন মেয়েরা সচেতন, শিক্ষিত। তাদের মর্যাদা বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ায় তাঁদের সমাজে মর্যাদা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখন মেয়েরা আর আগের মতো নির্যাতন-নিপীড়ন সহ্য করতে চায় না।