ওরা ১১ জন
সখীপুরের সাত্তার মাস্টার
দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় কেউ প্রতিষ্ঠা করেছেন দাতব্য সংগঠন, কেউ আবার দুর্গম চরে স্থাপন করেছেন স্কুল। আপন আলোর দীপ্তিতে তাঁরা হয়ে উঠেছেন শিক্ষার্থীদের প্রেরণা, এলাকার সর্বজন শ্রদ্ধেয়। দেশজুড়ে ছড়িয়ে থাকা এমন ১১ জন শিক্ষককে সম্মানিত করেছে আইপিডিসি ও প্রথম আলো। এখানে পড়ুন ১২৯ নম্বর দক্ষিণ সখীপুর সিকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সাত্তারের কথা।
১৯৯২ সাল। ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে স্নাতক করে রাজধানীর একটি পোশাক কারখানায় যোগ দিলেন আবদুস সাত্তার। তত্ত্বাবধায়কের কাজ। তরুণ সাত্তারের কাজটি খুব একটা ভালো লাগছিল না। ভাবলেন, ভালো না লাগলে এ কাজ করে কী লাভ! তাই ঢাকার জীবন ছেড়ে একদিন চলে গেলেন গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ব্যাপারীকান্দি। আবদুস সাত্তারের দিন কাটতে থাকল বাবার কৃষিকাজে সহযোগিতা করে।
এ সময় একদিন দক্ষিণ সখীপুর গ্রাম থেকে তাঁর ডাক এল। দক্ষিণ সখীপুর আবদুস সাত্তারদের গ্রাম থেকে খুব বেশি দূরে নয়। তবে মেঘনা, ডাকাতিয়া আর পদ্মা নদী চরটির সঙ্গে যোগাযোগব্যবস্থা দুর্গম করে তুলেছে। আশপাশের এলাকায় কোনো স্কুল নেই। তাই এলাকার অগ্রগণ্য মানুষ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সেই স্কুল পরিচালনার দায়িত্ব আবদুস সাত্তারের ওপর দিতে চান তাঁরা।
অনেক দিন থেকেই মনে শিক্ষক হওয়ার স্বপ্ন পুষে রেখেছিলেন আবদুস সাত্তার। তাই প্রস্তাবটা লুফে নিতে এক মুহূর্ত সময় নিলেন না তিনি। ৫০০ টাকা বেতনে শুরু করলেন নতুন দায়িত্ব। সে দায়িত্ব প্রধান শিক্ষকের। ১৯৯৬ সাল থেকে আজও পালন করে চলেছেন সে দায়িত্ব।
সময় পরিক্রমায় নানা প্রতিকূলতা, চড়াই-উতরাই পেরিয়ে খড়কুটো আর বাঁশ-টিনের স্কুলটি আজ কংক্রিটের দ্বিতল ভবন। ২০১৩ সালে স্কুলটি জাতীয়করণও হয়েছে। তাঁর স্কুলের নাম এখন ১২৯ নম্বর দক্ষিণ সখীপুর সিকদারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘ ২২-২৩ বছর ধরে শুধু একজন প্রধান শিক্ষক হিসেবেই নয়, একজন আদর্শবান, সৎ, সাদাসিধে মানুষ হিসেবেও দক্ষিণ সখীপুরের মানুষের কাছে প্রিয় এক মানুষ তিনি। সবার কাছে ‘সাত্তার মাস্টার’।